বিশ্ব ফুটবলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে উয়েফা, এএফসি ও কনকাকাফ। তিন কনফেডারেশনের সভাপতি যৌথ খোলা চিঠিতে ইনফান্তিনোর বিরুদ্ধে আস্থা সংকট তৈরি এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যথাযথ পরামর্শ না করার অভিযোগ তুলেছেন।
বিতর্কের সূত্রপাত বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে অংশীদারত্ব বিক্রির একটি প্রস্তাবকে ঘিরে। তিন কনফেডারেশনের দাবি, সদস্য ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে প্রয়োজনীয় আলোচনা ছাড়াই বিষয়টি দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। ফিফা এটিকে পরে ‘যোগাযোগের ভুল’ হিসেবে ব্যাখ্যা করলেও উয়েফা, এএফসি ও কনকাকাফ সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়।
চিঠিতে মরক্কোয় অনুষ্ঠিত একটি বৈঠকের কথাও উল্লেখ করা হয়েছে। সেখানে নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে মাত্র একজন উপস্থিত ছিলেন বলে ফিফার পক্ষ থেকে জানানো হয়। ফিফা কাউন্সিলের সদস্য বা সদস্য অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।
তিন কনফেডারেশন মনে করছে, ঘটনাটি শুধু প্রশাসনিক ভুল নয়, বরং নেতৃত্বের বিচারবোধ ও স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। এ কারণে তারা ফিফার অভ্যন্তরীণ তদন্তের বদলে সম্পূর্ণ স্বাধীন তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত দাবি করেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট নথি, যোগাযোগ ও রেকর্ড সংরক্ষণের আহ্বান জানিয়েছে।
তাদের বক্তব্য, বিরোধটি অর্থের পরিমাণ নিয়ে নয়। মূল প্রশ্ন হলো ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও ফুটবল পরিবারের প্রতি আস্থা। যৌথ চিঠিতে তাই ইনফান্তিনোর নেতৃত্বের ধরন নিয়েই সরাসরি অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
সময়ের আলো/এমকে