পাইলট প্রকল্পের সফল সমাপ্তির পর এবার সারা দেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। এর আগে গত ১০ মার্চ দিনাজপুর থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র সূত্রে জানা গেছে, আগামী ১৬ আগস্ট বিকেল সাড়ে ৩টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরনো স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যামিলি কার্ড বিতরণ পর্বে প্রধানমন্ত্রী ১০ জন নারী পরিবার প্রধানের হাতে কার্ড তুলে দেবেন। এরপর ‘দ্য ডিজিটাল ক্লিক’-এর মাধ্যমে উপকারভোগীদের ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করবেন তিনি। এই পর্বের পর ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে নিজেদের অনুভূতির কথা প্রকাশ করবেন নির্বাচিত উপকারভোগীরা।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই সরকার এই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জে এই কার্ড বিতরণের মূল অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।
অনুষ্ঠানে আমন্ত্রিতদের অবশ্যই আমন্ত্রণপত্র সঙ্গে আনতে হবে এবং প্রধান অতিথির আসন গ্রহণের ১০ মিনিট আগেই সম্মানিত অতিথিদের আসন গ্রহণ করতে হবে বলে নির্দেশনাও দেওয়া হয়েছে। এ ছাড়া অনুষ্ঠানে ক্যামেরা, হাতব্যাগ, ছাতা ইত্যাদি জিনিসপত্র সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের আসনগ্রহণ, জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হবে। এরপর স্বাগত বক্তব্য দেবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ জেড এম জাহিদ হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দিবে স্থানীয় সংসদ সদস্য ও পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ভাষণ দিবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
সময়ের আলো/জেডি