দীর্ঘ বিরতির পর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদ সদস্যরা ভোট দিতে যাচ্ছেন। ওই দিন বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত সংসদ ভবনের ভেতরে নির্ধারিত বুথে ভোটগ্রহণ হবে। ভোট শেষে গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
তিনি জানান, সংসদ সদস্যরা আসন নম্বর অনুযায়ী বুথে গিয়ে ব্যালটে প্রার্থীর নামের সামনে ভোট দেবেন। ভোটের সময় ভোটদাতাকে নিজের নাম ও আসন নম্বরও লিখতে হবে। ফলে কে কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা শনাক্ত করা সম্ভব হবে।
চিফ হুইপ বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া, বাছাই করা এবং প্রত্যাহারের একটা তারিখ আছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ আগস্ট। প্রত্যাহারেরও শেষ তারিখ ১৮ আগস্ট। এরপর আমরা নির্বাচন করবো।’
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে ১১ দলীয় জোটের পক্ষ থেকে কর্ণেল (অবঃ) অলি আহমদকে বিরোধী দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে।
দলীয় প্রার্থীর বাইরে বিএনপির সংসদ সদস্যরা ভোট দিতে পারবেন কি না জানতে চাইলে চিফ হুইপ বলেন, ‘নিজ দলের পছন্দের প্রার্থীর বাইরে কেউ ভোট দিতে পারবে না। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না।’
চিফ হুইপ জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারও ভোট দেবেন। ভোট পরিচালনায় নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ভোটগ্রহণ ও ফলাফল প্রস্তুতের প্রক্রিয়া গণমাধ্যমের সামনে সম্পন্ন হবে।
তিনি বলেন, মোট ৩৪৯টি ভোট রয়েছে। এক ঘণ্টার মধ্যে ভোট শেষ হলে তখনই ফলাফল প্রস্তুতের কাজ শুরু করা যাবে। কোনো ভোট বাকি থাকলে তা শেষ করে বিকেল ৫টার পর ফলাফল প্রস্তুত করা হবে।
সময়ের আলো/এমকে