আখেরি চাহার শোম্বা প্রসঙ্গ

মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী

ইসলাম

আখেরি চাহার শোম্বা অর্থ শেষ বুধবার। আখেরি চাহার শোম্বা বলে সফর মাসের শেষ বুধবারকে বোঝানো হয়। কিছু অনির্ভরযোগ্য গ্রন্থে এ

2026-08-12T12:50:24+00:00
2026-08-12T12:50:24+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
ইসলাম
আখেরি চাহার শোম্বা প্রসঙ্গ
মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:৫০ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
আখেরি চাহার শোম্বা অর্থ শেষ বুধবার। আখেরি চাহার শোম্বা বলে সফর মাসের শেষ বুধবারকে বোঝানো হয়। কিছু অনির্ভরযোগ্য গ্রন্থে এ দিনটির কিছু ফজিলতের বর্ণনা উল্লেখ করা হয়েছে। ইসলামি শরিয়তে যার কোনোই ভিত্তি নেই। এসব গ্রন্থে বলা হয়েছে,  রাসুলুল্লাহ (সা.) জীবনের শেষ দিকে একবার এক ইহুদির জাদুর কারণে ভীষণ অসুস্থ হন এবং এই দিনে একটু সুস্থতা বোধ করেন এবং গোসল করেন ও মসজিদে জামাতে শরিক হন। খুশি হয়ে হজরত উসমান (রা.) তার নিজ খামারের ৭০টি উট জবাই করে গরিব-দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়েছিলেন। খুশিতে আত্মহারা সাহাবিগণ রোজা রেখে ও নফল নামাজ আদায় করে আনন্দ প্রকাশ ও শুকরিয়া আদায় করেছিলেন। সুতরাং এটা মুসলমানদের খুশির দিন এবং তা উদযাপনের একটি দিবস। তাই অনেকেই সফর মাসে আখেরি চাহার শোম্বা বা শেষ বুধবারকে শুকরিয়া দিবস হিসেবে পালন করে থাকে।  কিন্তু পবিত্র কুরআন, হাদিসের আলোকে এগুলো একেবারেই ভিত্তিহীন। যেমন ভিত্তিহীন উল্লিখিত ঘটনা।

এর কয়েকটি কারণ আছে। অন্যতম একটি কারণ হচ্ছে, রাসুল (সা.)-এর ওপর এক ইহুদি জাদু করেছিল। এটা ছিল হুদাইবিয়ার সন্ধির পরে সপ্তম হিজরির মহররম মাসের প্রথম দিকের ঘটনা। এই জাদুর প্রভাব কত দিন ছিল, সে সম্পর্কে দুটি বর্ণনা রয়েছে। এক বর্ণনায় ছয় মাসের কথা এসেছে, অন্য বর্ণনায় এসেছে ৪০ দিনের কথা। তবে যাই হোক, সুস্থতার তারিখ কোনোভাবেই ১১ হিজরির সফর মাসের আখেরি চাহার শোম্বা বা শেষ বুধবার হতে পারে না। 

এ তথ্যও সঠিক নয় যে, বুধবারের পর রাসুল (সা.) আর গোসল করেননি। কেননা এরপর এক রাতে এশার নামাজের আগে গোসল করার কথা সহিহ হাদিসে স্পষ্টভাবে বর্ণিত আছে। আর এ কথাও ঠিক নয় যে, বুধবারের পর সুস্থতায় কোনোরূপ উন্নতি হয়নি। বরং এরপর আরেক দিন সুস্থতাবোধ করেছিলেন এবং জোহরের নামাজে শরিক হয়েছিলেন। এমনকি সোমবার সকালেও সুস্থতাবোধ করেছিলেন। যার কারণে হজরত আবু বকর (রা.) অনুমতি নিয়ে নিজ ঘরে চলে গিয়েছিলেন।

রাসুল (সা.)-এর সুস্থতার কারণে খুশি হওয়া কিংবা তার সুস্থতার সংবাদ পড়ে আনন্দিত হওয়া প্রত্যেক মুমিনের স্বভাবগত বৈশিষ্ট্য। কিন্তু এ কথা দাবি করা প্রমাণিত নয় যে, সাহাবায়ে কেরাম কিংবা পরবর্তী যুগের মনীষীরা সে খুশি প্রকাশের জন্য উপরোক্ত পদ্ধতি অবলম্বন করেছেন কিংবা একে উদযাপনের দিবস ঘোষণা করেছেন। এ দাবির সপক্ষে দুর্বলতম কোনো দলিলও বিদ্যমান নেই। রাসুল (সা.)-এর ওপর অনেক মুসিবত এসেছে। আল্লাহ তায়ালা তাকে নাজাত দিয়েছেন। 

তায়েফ ও ওহুদে আহত হয়েছেন, আল্লাহ তায়ালা তাকে সুস্থ করেছেন। একবার ঘোড়া থেকে পড়ে পায়ে ব্যথা পেয়েছেন, যার কারণে মসজিদে যেতে পারেননি, আল্লাহ তায়ালা তাকে সুস্থ করেছেন। তার সুস্থতা লাভের এই সব আনন্দের স্মৃতিগুলোতে কি দিবস উদযাপনের কোনো নিয়ম আছে? তা হলে আখেরি চাহার শোম্বা যার কোনো ভিত্তি নেই, তা কীভাবে উদযাপনের বিষয় হতে পারে? আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিকভাবে উপলব্ধি করার তওফিক দান করুন এবং সব ধরনের রসম-রেওয়াজ থেকে রক্ষা করুন।

সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ 
মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা

সময়ের আলো/আআ


  বিষয়:   ইসলাম  সময়ের আলো 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: