বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামি ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ রবিউল আলম শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই মামলায় চারজন আসামি অন্য মামলায় গ্রেফতার থাকায় তাদের আদালতে উপস্থিত করা হয়নি। এজন্য তাদের এই মামলায় উপস্থিতিতের জন্য পি. ডব্লিউ আবেদন করা হয়েছে। এ কারণে অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুরে হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন সাজ্জাদ ও শাহিন নামে দুই ব্যক্তি। হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মৎ রীনা বেগম ২০২৪ সালের ৩১ অগাস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করে গত বছরের ২৩ নভেম্বর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন মোহাম্মদপুর থানার এসআই মো. আকরামুজ্জামান। এ মামলায় শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
সময়ের আলো/কেএইচ