ছাত্রদলে নতুন নেতৃত্বের অপেক্ষা, শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ পদপ্রত্যাশীদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন নেতৃত্ব আসছে যেকোনো মুহূর্তে। এমন আভাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে

2026-08-14T19:16:20+00:00
2026-08-14T19:16:20+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
রাজনীতি
ছাত্রদলে নতুন নেতৃত্বের অপেক্ষা, শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ পদপ্রত্যাশীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৭:১৬ পিএম 
প্রতীকী ছবি
জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন নেতৃত্ব আসছে যেকোনো মুহূর্তে। এমন আভাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে সংগঠনটির বর্তমান কমিটি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ী বার্তা দেওয়ার পাশাপাশি কর্মী ও সমর্থকদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন নেতারা।

নতুন নেতৃত্বের অপেক্ষায় এখন ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী। অন্যদিকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদপ্রত্যাশীরা শেষ মুহূর্তে দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন। বিএনপির শীর্ষ নেতা ও প্রভাবশালী নেতাদের সঙ্গে যোগাযোগ করে নিজেদের নাম ও সাংগঠনিক ভূমিকা তুলে ধরছেন তারা। বিশেষ করে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের কাছে তদবির করছেন অনেক পদপ্রত্যাশী।

বৃহস্পতিবার ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতাসহ ছয়জন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে রাত সাড়ে ৮টার দিকে এ সাক্ষাৎ হয়। এতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান ও দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।


সাক্ষাৎকালে তারেক রহমান ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়া এবং নতুন কমিটি গঠনের বিষয়ে নেতাদের অবহিত করেন। বৈঠকে উপস্থিত দুই ছাত্রদল নেতার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ শাসনামল ও ২০২৪ সালের আন্দোলনে সংগঠনের ভূমিকার জন্য তিনি ছাত্রদলকে ধন্যবাদ জানান।

তারেক রহমান বিদায়ী নেতৃত্ব ভবিষ্যতে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আসবে বলেও আশ্বস্ত করেন। একই সঙ্গে নিয়মতান্ত্রিকভাবে নতুন নেতৃত্ব বের করে আনার ওপর গুরুত্ব দেন। নেতৃত্বের জট তৈরি করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন। নিয়মিত শিক্ষার্থীদের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার পক্ষে মত দেন তিনি।

ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বর্তমান কমিটি থেকে বিদায় নেন সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সাক্ষাতের পর সংগঠনের নেতারা নতুন কমিটি শিগগিরই আসার ইঙ্গিত পেয়েছেন বলে জানান।

বিদায়ী বার্তা দিয়েছেন রাকিব ও নাছিরও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাকিব লিখেছেন, অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে। ছাত্রদল সভাপতি সেখানে ‘নতুন জীবন’ শুরু করার প্রত্যাশার কথাও জানান। একই সঙ্গে নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন।


শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের ভিড় দেখা যায়। জুমার নামাজ শেষে অনেকে সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঙ্গে কুশল বিনিময় করেন। কেউ কেউ ছবি তুলে স্মৃতি ধরে রাখেন। অনেকে বর্তমান কমিটির কর্মকাণ্ড ও আন্দোলনের কঠিন সময়ের স্মৃতিচারণ করেন।

এ সময় পদপ্রত্যাশীদের ব্যস্ততাও ছিল চোখে পড়ার মতো। তারা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন। নিজেদের সাংগঠনিক ভূমিকা ও নেতৃত্বের যোগ্যতার কথা তুলে ধরেন তারা।

২০২৪ সালের ১ মার্চ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কমিটি ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সভাপতি হিসেবে রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক হিসেবে নাছির উদ্দীন নাছিরের নাম ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ছাত্রদলের একাধিক নেতার ভাষ্য, বর্তমান কমিটি ও নতুনদের মধ্য থেকে অন্তত ১০ জন সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার জন্য আগ্রহী। তাদের অনেকেই ইতোমধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ছাত্রদল  পদপ্রত্যাশী  দৌড়ঝাঁপ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: