এই বাংলাদেশ ‘মিনোজ’ নয়

ক্রীড়া প্রতিবেদক

খেলা

একসময় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট মানেই বাংলাদেশের জন্য ছিল টিকে থাকার পরীক্ষা। প্রতিপক্ষের নাম, কন্ডিশন আর গতির সামনে ম্যাচ শুরুর আগেই

2026-08-15T04:28:54+00:00
2026-08-15T04:28:54+00:00
 
  শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
খেলা
এই বাংলাদেশ ‘মিনোজ’ নয়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:২৮ এএম 
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিফটি এবং ওপেনার তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে ভর করে লিড নেয় বাংলাদেশ। ছবি : এক্স হ্যান্ডেল
একসময় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট মানেই বাংলাদেশের জন্য ছিল টিকে থাকার পরীক্ষা। প্রতিপক্ষের নাম, কন্ডিশন আর গতির সামনে ম্যাচ শুরুর আগেই ব্যবধানটা যেন পরিষ্কার হয়ে যেত। ২০০৩ সালে ডারউইনে প্রথমবার টেস্ট খেলতে নেমে ইনিংস ও ৩২ রানে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচের পর অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক স্টিভ ওয়াহ বলেছিলেন, ‘দ্রুত জয় তুলে নেওয়া খেলাটির একটি ইতিবাচক ধরন এবং আমরা এভাবে জিততে পছন্দ করি...ক্রিকেট এভাবেই খেলা উচিত; আর যদি অন্য সব দেশও এই পদ্ধতি অনুসরণ করে, তবে তা বিশ্ব ক্রিকেটের জন্য ভালো হবে।’

২৩ বছর পর সেই ডারউইনেই বদলে গেছে গল্প। এবার বাংলাদেশকে দেখে অস্ট্রেলিয়াকেই খুঁজতে হচ্ছে ম্যাচে ফেরার পথ। প্রথম দুদিনের খেলাই তার সবচেয়ে বড় প্রমাণ। প্রথম দিন হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। পরের দিন ব্যাট হাতে ইতিহাস গড়েন তানজিদ হাসান। 

অস্ট্রেলিয়ার মাটিতে যেকোনো ফরম্যাটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করে তিনি দলকে এনে দেন বড় লিড। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১, এগিয়ে ১৫৩ রানে। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে এসে এমন অবস্থান হয়তো ম্যাচ শুরুর আগে বাংলাদেশের সবচেয়ে আশাবাদী সমর্থকও কল্পনা করেননি।

এই বদলে যাওয়ার সবচেয়ে বড় প্রতীক তানজিদ হাসান। ২৫ বছর বয়সি এই ওপেনার পাঁচ ঘণ্টার বেশি সময় ব্যাট করে ১৯৭ বলে করেন ১০১ রান। অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে সেঞ্চুরি করা তরুণ ওপেনারদের বিশেষ তালিকাতেও জায়গা করে নিয়েছেন তিনি। তার আগে এই কীর্তি আছে অ্যালিস্টার কুক, মাইকেল আথারটন, যশস্বী জয়সওয়াল ও বীরেন্দর শেবাগের মতো ব্যাটারদের। 

তানজিদের সেঞ্চুরি শুধু ব্যক্তিগত মাইলফলক নয়, বাংলাদেশের বদলে যাওয়া ক্রিকেটেরও প্রতিচ্ছবি। কয়েক বছর আগেও দেশের বাইরে কঠিন কন্ডিশনে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা ছিল স্পিন। এখন সেই চিত্র বদলেছে। ঘরের মাঠেই পেসবান্ধব উইকেটে খেলার অভ্যাস তৈরি করেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও কোচ ফিল সিমন্সের অধীনে নেওয়া এই সিদ্ধান্তের ফলও মিলছে।

বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম চার বোলার, যারা ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন, সবাই ছিলেন স্পিনার। অথচ এখন পেস আক্রমণই দলের অন্যতম শক্তি। শরিফুল ইসলাম ও নাহিদ রানা এই পরিবর্তনের বড় উদাহরণ। দুজনই চোটের কারণে ডারউইন টেস্টে নেই। তবু বাংলাদেশের পেস আক্রমণের ধার কমেনি। হাসান মাহমুদের ৫৫ রানে ৬ উইকেট সেটিই প্রমাণ করেছে।

শান্তর নেতৃত্বও বাংলাদেশের এই উত্থানের বড় অংশ। তিন বছর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়া এই ব্যাটার এখন বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়কদের একজন। তার নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে ঘরে ও বাইরে সিরিজ জিতেছে বাংলাদেশ। 

৮টি টেস্ট জয় নিয়ে ইতিমধ্যে ছাড়িয়ে গেছেন আগের বাংলাদেশ দলের সব অধিনায়ককে। অস্ট্রেলিয়ার বিপক্ষেও সাম্প্রতিক সাফল্য আত্মবিশ্বাস বাড়িয়েছে। ২০২১ সালে টি-টোয়েন্টি সিরিজ জয়, ২০১৭ সালে প্রথম টেস্ট জয় এবং সবশেষ ওয়ানডে সিরিজ জয়, সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আত্মবিশ্বাস এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

এবার সেই আত্মবিশ্বাসের সঙ্গে যোগ হয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রমাণ করার সুযোগ। বাংলাদেশের দুদিনের পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমেও যে চাপ তৈরি হয়েছে, তা স্পষ্ট করেছেন অলরাউন্ডার বিউ ওয়েবস্টার। তিনি বলেন, ‘আমাদের ড্রেসিংরুমে যে মানের ক্রিকেটার আছে, তাতে আমি নিশ্চিত, সবাই এখনও এই ম্যাচটি জেতার পথ খুঁজছে।’

দুই দশক আগে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে এমন ভাষা হয়তো কল্পনাই করা যেত না। কিন্তু ডারউইনে এখন বাস্তবতা সেটিই। বাংলাদেশ আর শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলার স্বপ্ন দেখা দল নয়। শান্তর নেতৃত্বে তারা এমন এক দল, যারা অস্ট্রেলিয়ার মাটিতেও স্বাগতিকদের চাপে ফেলতে পারে, ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারে, এমনকি ইতিহাসও লিখতে পারে।

২৩ বছর পর ডারউইনে ফিরে বাংলাদেশ শুধু অতীতের হিসাব মেলাতে আসেনি। এসেছে নিজেদের বদলে যাওয়া পরিচয়টা অস্ট্রেলিয়ার মাটিতেও প্রতিষ্ঠা করতে।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও


  বিষয়:   বাংলাদেশ  মিনোজ  অস্ট্রেলিয়া 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: