আসন্ন আসিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ দলের অংশগ্রহণের সম্ভাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় দলের স্প্যানিশ-আমেরিকান প্রধান কোচ থমাস ডুলি। আঞ্চলিক এই আসরে শক্তিশালী প্রতিপক্ষদের মুখোমুখি হলেও বাংলাদেশ ‘আন্ডারডগ’ হিসেবে চাপমুক্ত থেকে খেলার সুযোগ পাবে বলে মনে করছেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে জাতীয় দল কমিটির বৈঠকের পর কোচ ডুলির সঙ্গে আলোচনা করে বাফুফে। পরবর্তীতে বাফুফে ভবন থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসিয়ান কাপ প্রসঙ্গে নিজের অবস্থান ব্যক্ত করেন সাবেক এই মার্কিন বিশ্বকাপ অধিনায়ক।
কোচ থমাস ডুলি বলেন, "আসিয়ান কাপে বাংলাদেশের খেলার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। এটি হলে বেশ ভালোই হয়। বাংলাদেশ খেলতে পারে, তবে বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে, চূড়ান্ত কিছু হয়নি।"
আসন্ন টুর্নামেন্টে দক্ষিণ-পূর্ব এশিয়ার শক্তিশালী দলগুলোর উপস্থিতি নিয়ে তিনি বলেন, "আসিয়ানে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের মতো কঠিন প্রতিপক্ষ রয়েছে। তাদের বিপক্ষে খেললে দলের প্রস্তুতি খুব ভালো হবে। এই টুর্নামেন্টে বাংলাদেশ 'আন্ডারডগ' থাকবে, ফলে ছেলেদের ওপর বাড়তি চাপ থাকবে না। তবে ফলাফলে নেতিবাচক প্রভাব পড়লে খেলোয়াড়দের মনস্তাত্ত্বিক দিকটি বিবেচনায় রাখতে হবে।"
এদিকে আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ফিফা উইন্ডোর আগে নির্দিষ্ট সূচি চূড়ান্ত না হওয়ায় হতাশা প্রকাশ করেন কোচ। এছাড়া ঘরোয়া ফুটবলের অনিশ্চয়তা এবং প্রাক-মৌসুম কন্ডিশনিং ক্যাম্প না থাকা নিয়েও উদ্বেগ জানান তিনি। লিগ শুরু এবং জাতীয় দলের ক্যাম্প শুরুর সুনির্দিষ্ট তারিখ না পাওয়া পর্যন্ত চূড়ান্ত পরিকল্পনা সাজানো কঠিন বলেও উল্লেখ করেন প্রধান কোচ।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া ও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার পক্ষ থেকে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়ার পর বাফুফে ইতিবাচক সাড়া দিলেও আনুষ্ঠানিকভাবে নিশ্চিতের বার্তা এখনো ঝুলন্ত রয়েছে।
সময়ের আলো/টিকে