রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৪৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৩ জন, তেজগাঁওয়ে ৫৮, উত্তরা বিভাগে ৫৪, ওয়ারীতে ৫৩, মতিঝিলে ৪৮, গুলশানে ৪৪, লালবাগে ৪১, রমনা বিভাগে ৩৫ এবং গোয়েন্দা বিভাগে ৮ জন রয়েছেন।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে অপরাধীদের আটকের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, দুটি সামুরাই, একটি ছুরি এবং একটি আংশিক ব্লেড।
এ ছাড়া মাদকের বিরুদ্ধে চলা অভিযানে ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭৬৩ পিস ইয়াবা, ৩ দশমিক ৩৫ গ্রাম হেরোইন, এক বোতল বিদেশি মদ এবং তিন বোতল দেশি মদ জব্দ করা হয়।
পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের বিভিন্ন আলামত হিসেবে ট্রেনের টয়লেটের চারটি স্টিলের ট্যাপ, পাঁচটি প্লাস্টিকের ট্যাপ, ১০টি মোবাইল ফোন ও ২১ দশমিক ২ লিটার ঔষধি কেমিক্যাল উদ্ধার করা হয় এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে এবং রাজধানীতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/জেডি