ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হুতিদের বিরুদ্ধে ১৩৩টি সামরিক অভিযান চালিয়েছে তারা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল মাজেদ আল-নুজাইলি বলেন, এসব অভিযানে রকেট আর্টিলারি, ফিল্ড আর্টিলারি ও ড্রোন ব্যবহার করা হয়েছে। হুতিদের যেসব অবস্থানকে তিনি ‘হুমকির উৎস’ হিসেবে উল্লেখ করেছেন, সেগুলোকে লক্ষ্য করে এসব অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, সম্মুখসারির বিভিন্ন অবস্থানে মোতায়েন থাকা সেনা ইউনিটগুলোও অভিযানে অংশ নেয়।
এদিকে, ইয়েমেনের ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল হুতিদের বিরুদ্ধে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে। দেশটির সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে সাম্প্রতিক সময়ে লড়াই আরও তীব্র হয়েছে।
তবে ১৩৩টি অভিযানে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হুতিদের কতজন হতাহত হয়েছে, সে বিষয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
সময়ের আলো/কেএইচ