নির্বাচনে হারলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা খারাপ ফল করলে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর অনুমোদন দিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

2026-11-01T00:00:13+00:00
2026-11-01T00:00:13+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নির্বাচনে হারলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম 
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা খারাপ ফল করলে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর অনুমোদন দিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। 

এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ‘ট্রাম্প যদি নিজেকে বিব্রত বা ক্ষমতাহীন মনে করেন, তা হলে তিনি বড় কিছু একটা করবেন’। ইরানি কর্মকর্তাদের কাছেও এমন বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। তাদের বলা হচ্ছে, চুক্তিতে পৌঁছানোর সবচেয়ে ভালো সুযোগ এখনই। টিআরটি ওয়ার্ল্ড।

তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই ধারণাকে খারিজ করে দিয়ে সংবাদমাধ্যমটিকে বলেছেন, ইরানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্বাচনের ফলাফল ট্রাম্পের ওপর কোনো প্রভাব ফেলবে না। 

প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরুর উদ্যোগে শুক্রবার ১২ ঘণ্টারও বেশি সময় তেহরানে ছিলেন কাতারের মধ্যস্থতাকারীরা। এ সময় তারা হোয়াইট হাউসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। 

এক কূটনৈতিক সূত্র আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতির’ কথা জানিয়েছে। শনিবার দোহায় এ আলোচনা অব্যাহত থাকার কথা রয়েছে।

এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, দুই পক্ষের পাল্টাপাল্টি দাবির কারণে আলোচনা থমকে আছে। যেকোনো আলোচনায় ফিরতে হলে ইরানকে পারমাণবিক বিষয়ে ছাড় দিতে হবে বলে চায় ওয়াশিংটন। অন্যদিকে তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রকে আগে নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ করা তহবিল ছাড় এবং তেল বিক্রির সুযোগ দিতে হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, দোহা ইরানকে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছে। বিনিময়ে তেহরানকে সীমিত পরিসরে নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব দেওয়া হচ্ছে। ট্রাম্প প্রশাসনের ভেতরেও এ বিষয়ে মতভেদ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কোনো চুক্তির বিষয়ে সন্দিহান। তারা ইরানের নেতৃত্বকে আরও দুর্বল করার পক্ষে। অন্যদিক, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আলোচনা পুনরায় শুরুর পক্ষে অবস্থান নিয়েছেন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   নির্বাচন  ইরান  বড় হামলা  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: