বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পথে হাঁটছে জাবি!

জাবি প্রতিনিধি

শিক্ষা

২০২৬–২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে প্রথম বর্ষ স্নাতক

2026-08-18T19:08:07+00:00
2026-08-18T19:08:07+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিক্ষা
বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পথে হাঁটছে জাবি!
জাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:০৮ পিএম 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
২০২৬–২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা দেশের বিভাগীয় শহরগুলোতে আয়োজনের সম্ভাব্যতা যাচাই করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রতিবছর জাবির ভর্তি পরীক্ষা ক্যাম্পাসে একাধিক শিফটে অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে সাভারে আসতে হয়। এতে দূরপাল্লার যাতায়াত, আবাসন, খাবার ও নিরাপত্তাসহ নানা বিষয়ে ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। দীর্ঘদিন ধরে এই ভোগান্তি কমাতে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

এরই মধ্যে দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকেন্দ্রিক ভর্তি পরীক্ষার বাইরে গিয়ে বিভাগীয় ও আঞ্চলিক শহরে পরীক্ষা নেওয়া শুরু করেছে। পরিবর্তিত এই বাস্তবতায় জাবির প্রচলিত ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়েও নতুন করে ভাবার প্রয়োজন দেখা দিয়েছে।

চার উপকমিটির অনুসন্ধান

বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের সম্ভাব্যতা যাচাইয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন চারটি উপকমিটি গঠন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)-সংক্রান্ত উপকমিটিগুলো ইতোমধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-সংক্রান্ত উপকমিটি এখনো কাজ শুরু করেনি।

সব উপকমিটির প্রতিবেদন পাওয়ার পর তা পর্যালোচনা করে ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাবির ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপকমিটির প্রতিবেদন পাওয়া যায়নি। সব প্রতিবেদন পাওয়ার পর মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কবে নাগাদ মিটিং হবে, তা এই মুহূর্তে বলতে পারছি না।

খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত জাবির উপকমিটির সদস্য ও কলা অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক বলেন, শিক্ষার্থী ও অভিভাবকেরা যেহেতু বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছেন, তাই বিভাগীয় শহরে পরীক্ষা হতে পারে। আমরা পরীক্ষা নিতে প্রস্তুত। তবে প্রতিটি ব্যবস্থারই ভালো-মন্দ আছে। আমরা চেষ্টা করব, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে। বাকি সিদ্ধান্ত পরবর্তী মিটিংয়ে হবে।

শিফট পদ্ধতি নিয়ে পুরনো বিতর্ক

জাবির ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অন্যতম বিষয় শিফটভিত্তিক পরীক্ষা। একই ইউনিটের পরীক্ষা একাধিক শিফটে নেওয়ার ফলে প্রশ্নপত্রের কঠিনতা বা ধরনে পার্থক্য তৈরি হয় কি না—এ নিয়ে ভর্তিচ্ছুদের মধ্যে রয়েছে নানা প্রশ্ন।

পরীক্ষার্থীদের অভিযোগ, কোনো কোনো শিফটের প্রশ্ন তুলনামূলক সহজ হওয়ায় সেই শিফটের শিক্ষার্থীরা মেধাতালিকায় জায়গা পাওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাচ্ছেন। বিপরীতে অপেক্ষাকৃত কঠিন শিফটে অংশ নেওয়া শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছেন। এ কারণে শিফটভিত্তিক পরীক্ষা পদ্ধতিকে বৈষম্যমূলক বলেও অভিযোগ করেছেন অনেকে।

বিষয়টি শুধু ভর্তিচ্ছুদের মধ্যেই সীমাবদ্ধ নয়। অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যেও বিভিন্ন সময়ে শিফটভিত্তিক ভর্তি পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ধরে পদ্ধতিটিতে পরিবর্তনের দাবি থাকলেও কার্যকর কোনো পরিবর্তন দেখা যায়নি। ফলে প্রতিবছর ভর্তি পরীক্ষার সময় প্রশ্নের মান, শিফটভেদে ফলাফল এবং পরীক্ষার সুযোগের সমতা নিয়ে আলোচনা ও অসন্তোষ তৈরি হয়।

শিফটের পাশাপাশি জাবির ভর্তি পরীক্ষা নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভৌগোলিক বৈষম্য।


সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকার আশপাশের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়া তুলনামূলক সহজ। কিন্তু চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী ও রংপুরসহ দেশের দূরবর্তী অঞ্চলের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়।

একজন শিক্ষার্থীকে শুধু পরীক্ষার জন্য কয়েকশ কিলোমিটার দূরে এসে থাকার ব্যবস্থা করতে হয়। এর সঙ্গে যুক্ত হয় যাতায়াত, আবাসন ও খাবারের বাড়তি খরচ। ফলে যে ভর্তি পরীক্ষায় মূল প্রতিযোগিতা হওয়ার কথা মেধা ও প্রস্তুতির ভিত্তিতে, সেখানে দূরত্ব ও আর্থিক সক্ষমতাও অনেক সময় বাড়তি প্রভাবক হয়ে দাঁড়ায়।

এই বাস্তবতায় বিভাগীয় শহরে পরীক্ষা আয়োজন করা হলে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ তৈরির পথ আরও প্রশস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বদলে যাচ্ছে দেশের ভর্তি পরীক্ষার চিত্র

গত কয়েক বছরে দেশের বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা পদ্ধতিতেও পরিবর্তন এসেছে। একসময় নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই পরীক্ষা দিতে হতো শিক্ষার্থীদের। এখন অনেক বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীদের নিজ নিজ অঞ্চলের কাছাকাছি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ তৈরি করেছে।

২০২৫–২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা-সংশ্লিষ্ট তিন ইউনিটের পরীক্ষা ঢাকা ছাড়াও আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহীতে। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে রাজশাহীসহ ছয়টি বিভাগীয় শহরে।

এছাড়া শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর লক্ষ্যেই গুচ্ছ পদ্ধতির মতো সমন্বিত ভর্তি ব্যবস্থারও বিকাশ ঘটেছে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা সমন্বিতভাবে আয়োজন করা হয়েছে। এর ফলে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের আলাদা আলাদা জায়গায় গিয়ে পরীক্ষা দেওয়ার প্রয়োজন অনেকটাই কমেছে।


সিদ্ধান্তের অপেক্ষায় জাবি

দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত ভর্তি পরীক্ষার কাঠামো এবং শিক্ষার্থী-অভিভাবকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও এবার নতুন পথে হাঁটার কথা ভাবছে। তবে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত নয়; এটি বর্তমানে পর্যালোচনা ও সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে।

চার উপকমিটির প্রতিবেদন পাওয়ার পর কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। এরপরই নির্ধারিত হবে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে জাবির ভর্তি পরীক্ষা ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকবে, নাকি দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে যাবে।

তবে প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু ভর্তি পরীক্ষার কেন্দ্রই বদলাবে না—বদলাতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ভর্তি পরীক্ষার সংস্কৃতিও। দূরত্ব, খরচ ও আবাসনসংকটের কারণে যেসব শিক্ষার্থী প্রতিবছর বাড়তি চাপে পড়েন, তাদের জন্য এটি হতে পারে স্বস্তির নতুন দরজা।

সময়ের আলো/কেআই


  বিষয়:   জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  জাবি  বিভাগীয় শহর  ২০২৬-২৭ শিক্ষাবর্ষ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: