যেখানে তিন ঘণ্টা থমকে থাকে জীবন

মো. আলাউদ্দীন, হাটহাজারী

সারাদেশ

দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর জোয়ারের পানি প্রতিদিন হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ও মেখলের কিছু এলাকার লোকালয়ে ঢুকে

2026-08-20T02:02:58+00:00
2026-08-20T02:02:58+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
সারাদেশ
যেখানে তিন ঘণ্টা থমকে থাকে জীবন
মো. আলাউদ্দীন, হাটহাজারী
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ২:০২ এএম 
ছবি : সময়ের আলো
দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর জোয়ারের পানি প্রতিদিন হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ও মেখলের কিছু এলাকার লোকালয়ে ঢুকে তলিয়ে যায় সড়কসহ বাড়িঘর। এ সময় দুই থেকে তিন ঘণ্টা উপজেলা সদরের সঙ্গে ওই এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এলাকার কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েন।  

হালদা নদীর হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গচ্ছালি শাখা খালের পশ্চিম পাশ দায়মুদ্দিন সারাং বাড়ির উত্তর পাশ দিয়ে প্রতিদিন জোয়ারের অস্বাভাবিক পানি লোকালয়ে প্রবেশ করে গড়দুয়ারা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড এবং মেখল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মানুষ পানিবন্দি হয়ে যায়। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পূর্ব মেখল ও পশ্চিম গড়দুয়ারা এলাকার হাজার হাজার এলাকাবাসীকে। 

সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, হালদাপাড়ের ইউনিয়ন গড়দুয়ারা ১ ও ২ নং ওয়ার্ড এবং মেখল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের লক্ষাধিক মানুষ প্রতিদিনই আজিজিয়া মজিদিয়া সড়কে হালদা নদীর জোয়ারের পানির কারণে উপজেলা সদরের সঙ্গে দুই-তিন ঘণ্টা জোয়ারের পানিতে বন্দি হয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

এ সময় উল্লেখিত এলাকা দিয়ে যাওয়া মেখল আজিজিয়া মজিদিয়া সড়কের বিভিন্ন স্থানও ২ থেকে ৩ ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে শিক্ষার্থী, চাকরিজীবী ও শ্রমজীবী মানুষদের প্রতিদিন সড়ক থেকে পানি নেমে না যাওয়া পর্যন্ত প্রায় তিন থেকে চার ঘণ্টার মতো যান চলাচল স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। এ ছাড়া হালদার জোয়ারের পানির তীব্র স্রোতে রাস্তাঘাটও ধসে যাচ্ছে। 

গড়দুয়ারা ইউনিয়ন ১ নং ওয়ার্ডের বাসিন্দা, সংবাদকর্মী খোরশেদ আলম শিমুল, শফিক আহমদ ভুট্টু ও কামাল হোসেন বলেন, হালদা নদীর জোয়ারের পানি সরাসরি গচ্ছালি শাখা খাল হয়ে অনেকের বাড়িঘরে ঢুকে যায়। এতে করে কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ জনসাধারণ চলাচল করতে দুর্ভোগ পোহাচ্ছেন।


পূর্ব মেখল এলাকার বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ সেলিম, সেকান্দর, রায়হান ও মহরম জানান, হালদা নদীর জোয়ারের পানির কারণে আজিজিয়া মজিদিয়া সড়কের ওপর দুই-তিন ঘণ্টা পানি থাকায় ওই সময়টাতে যানবাহন চলাচল করা যায় না। গাড়ি চালাতে না পারায় এতে করে আমাদের পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে দিনযাপন করতে হয়। তাই খালের মুখে দ্রুততম সময়ের মধ্যে একটি স্লুইসগেট নির্মাণ ও খাল সংস্কার করার জোর দাবি জানান তারা।

গড়দুয়ারা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মুহতাদি কাউনাইন মিহরাব, হাটহাজারী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জুলহাজ আনোয়ার, তারেক আহমদসহ বেশ কয়েকজন শিক্ষার্থী জানায়, বিকাল ৪টায় স্কুল ও কলেজ ছুটি হওয়ার পর হাটহাজারী কলেজ গেট এলাকায় সড়কে জোয়ারের পানি থাকায় সিএনজি-ট্যাক্সিগুলো গড়দুয়ারার দিকে যায় না। ওই সময়টা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় সড়ক থেকে পানি না নামা পর্যন্ত তাদের হাটহাজারীতেই অপেক্ষা করতে হয় বলে জানায় তারা।

এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে উল্লেখিত এলাকার ভুক্তভোগীরা দ্রুততম সময়ের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের হালদা নদীর শাখা খালের মুখে একটি স্লুইসগেট স্থাপন ও শাখা খালের পাড় উঁচু করার দাবি জানিয়েছেন।


সময়ের আলো/প্রিন্ট/এমকে


  বিষয়:   থমকে  জীবন  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: