রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবনে প্রবেশ করছেন অতিথিরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিরা প্রবেশ করতে শুরু করেছেন। শুক্রবার (২১

2026-08-21T18:29:48+00:00
2026-08-21T18:29:54+00:00
 
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবনে প্রবেশ করছেন অতিথিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:২৯ পিএম  আপডেট: ২১.০৮.২০২৬ ৬:২৯ পিএম
দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিরা প্রবেশ করতে শুরু করেছেন। ছবি : সংগৃহীত
দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিরা প্রবেশ করতে শুরু করেছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেছেন।

শপথ অনুষ্ঠান সামনে রেখে বঙ্গভবনের প্রধান ফটক ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বঙ্গভবনের সামনের সড়কে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের প্রবেশের সময় পরিচয় ও আমন্ত্রণপত্র যাচাই করা হচ্ছে। শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন।  

বিকেল থেকেই একে একে আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। 

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। 


এদিকে, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনের দরবার হলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব আয়োজন শেষ হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ অনুষ্ঠানটি পরিচালনা করছে। 

শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। 

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথকে ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় আগে থেকেই বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী এবং ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জাতীয় সংসদে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। 

সন্ধ্যার শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   রাষ্ট্রপতি  শপথ  বঙ্গভবন  অতিথি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: