১৩ মিলিয়ন ম্যানেজারের লড়াই, এবার আপনিই ম্যানেজার, এফপিএল এর আদ্যোপান্ত

ক্রীড়া ডেস্ক

খেলা

প্রিমিয়ার লিগের মৌসুম শুরু মানেই শুধু প্রিয় দলের খেলা দেখার অপেক্ষা নয়। একই সঙ্গে শুরু হয় আরেক প্রতিযোগিতা, যেখানে মাঠে

2026-08-21T19:04:48+00:00
2026-08-21T19:04:48+00:00
 
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
খেলা
১৩ মিলিয়ন ম্যানেজারের লড়াই, এবার আপনিই ম্যানেজার, এফপিএল এর আদ্যোপান্ত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৭:০৪ পিএম 
এফপিএল। ছবি : সংগৃহীত
প্রিমিয়ার লিগের মৌসুম শুরু মানেই শুধু প্রিয় দলের খেলা দেখার অপেক্ষা নয়। একই সঙ্গে শুরু হয় আরেক প্রতিযোগিতা, যেখানে মাঠে নামেন না কোনো দর্শক, তবু কোটি মানুষ হয়ে ওঠেন নিজেদের দলের ম্যানেজার। নাম তার ফ্যান্টাসি প্রিমিয়ার লীগ (Fantasy Premier League), সংক্ষেপে এফপিএল (FPL)। ২০২৬-২৭ মৌসুমে শুক্রবার, ২১ আগস্ট শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। আর তার সঙ্গে শুরু হচ্ছে নতুন মৌসুমের এফপিএল (FPL)-যুদ্ধও।

এফপিএল (FPL)-এর গল্পটা শুরু হয়েছিল ২০০২-০৩ মৌসুমে। প্রথম মৌসুমেই অংশ নিয়েছিলেন হাজার হাজার ফুটবলপ্রেমী। সেই মৌসুমে আর্সেনালের থিয়েরি অঁরি ২৪ গোল ও ২৩ অ্যাসিস্ট করে ২৭১ পয়েন্ট সংগ্রহ করেছিলেন। সেই আসরেই গোলকিপার ব্র্যাড ফ্রিডেল ১৮৭ পয়েন্ট পেয়েছিলেন, যে রেকর্ড এখনো ভাঙেনি।

খেলার নিয়মটা সহজ, কিন্তু ম্যানেজমেন্টের অঙ্কটা বেশ কঠিন। প্রতিটি ম্যানেজারকে ১০০ মিলিয়ন পাউন্ড বাজেটের মধ্যে ১৫ জনের একটি দল গড়তে হয়। সেই দলে থাকে ১১ জন মূল খেলোয়াড় ও চারজন বদলি। বাস্তব প্রিমিয়ার লিগে খেলোয়াড়েরা মাঠে যা করেন, তার ওপর ভিত্তি করেই FPL-এ পয়েন্ট জমা হয়। গোল, অ্যাসিস্ট, ক্লিন শিট, সেভসহ বিভিন্ন পারফরম্যান্সের জন্য পাওয়া যায় পয়েন্ট। 


এরপর শুরু হয় আসল কৌশলের খেলা। কোন খেলোয়াড়কে দলে রাখবেন, কাকে বিক্রি করবেন, কাকে অধিনায়ক করবেন, কখন বদলি করবেন, কোন দলের সামনে তুলনামূলক সহজ সূচি, কোন খেলোয়াড় নিয়মিত খেলছেন, এসব সিদ্ধান্তই একজন ম্যানেজারের সাফল্য নির্ধারণ করে। এমনকি বাস্তব ফুটবলে কোনো ম্যাচের ফল নিজের পছন্দের না হলেও FPL-এ সেই ম্যাচের একটি গোল বা অ্যাসিস্ট হয়ে উঠতে পারে নিজের দলের জন্য বড় প্রাপ্তি।

একজন ম্যানেজার চাইলে প্রতি গেমউইক (Gameweek)-এ খেলোয়াড় পরিবর্তন করতে পারেন। প্রথমে একটি করে ফ্রি ট্রান্সফার পাওয়া যায়, সেটি ব্যবহার না করলে পরের গেমউইক (Gameweek)-এ জমিয়ে রাখা যায়। প্রয়োজনের বেশি ট্রান্সফার করলে প্রতিটির জন্য চার পয়েন্ট করে কেটে নেওয়া হয়।

এফপিএল (FPL)-এর সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর একটি হলো বিভিন্ন চিপ।ওয়য়াইল্ড কার্ড (Wildcard), ফ্রি-হিট (Free Hit), বেঞ্চ বুস্ট (Bench Boost) ও ট্রিপল ক্যাপ্টেন (Triple Captain)-এর মতো বিশেষ সুবিধা ব্যবহার করে গুরুত্বপূর্ণ সময়ে পুরো দলের কৌশল বদলে দেওয়া যায়। ২০২৬-২৭ মৌসুমে প্রতিটি চিপ মৌসুমের প্রথম ও দ্বিতীয়ার্ধে একবার করে ব্যবহার করা যাবে। অর্থাৎ পুরো মৌসুমে মোট আটটি চিপ ব্যবহারের সুযোগ থাকছে। 

এর সঙ্গে আছে ব্যক্তিগত র‍্যাঙ্কিং ও মিনি লীগ (Mini League)। বন্ধু, সহকর্মী কিংবা পরিবারের সদস্যদের নিয়ে আলাদা লিগ তৈরি করে শুরু হয় নিজেদের মধ্যে প্রতিযোগিতা। কেউ লক্ষ্য রাখেন বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার, কেউ আবার শুধু অফিসের সহকর্মীকে পেছনে ফেলতেই ব্যস্ত থাকেন। গত মৌসুমে এফপিএল (FPL) খেলেছেন ১৩ মিলিয়নের বেশি ম্যানেজার, যা এই ভার্চুয়াল প্রতিযোগিতার ব্যাপ্তি বোঝানোর জন্যই যথেষ্ট। 


তবে এফপিএল (FPL)-এর শুরু যেমন প্রিমিয়ার লিগের সঙ্গে, শেষটাও তেমনি বাঁধা বাস্তব লিগের সঙ্গে। ২০২৬-২৭ প্রিমিয়ার লিগ মৌসুমের প্রথম ম্যাচরাউন্ড শুরু হচ্ছে ২১ আগস্ট, আর শেষ হবে ৩০ মে ২০২৭। সেই শেষ গেমউইক (Gameweek)-এ সব ম্যাচ একই সময়ে মাঠে গড়াবে। অর্থাৎ শেষ বাঁশির সঙ্গে শুধু প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন নির্ধারণ হবে না, শেষ হবে মাসের পর মাস চলা কোটি ম্যানেজারের এফপিএল (FPL) লড়াইও।

এই কারণেই এফপিএল (FPL) এখন আর শুধু একটি ফ্যান্টাসি গেম নয়। এটি প্রিমিয়ার লিগ দেখার অভিজ্ঞতারই একটি অংশ। আগে যে ম্যাচে গোল হলে শুধু প্রিয় দলের সমর্থকেরাই উল্লাস করতেন, এখন সেখানে অন্য দলের একজন ডিফেন্ডারের গোলেও আনন্দে লাফিয়ে উঠতে পারেন লাখো ম্যানেজার। কারণ মাঠের ৯০ মিনিট শেষ হলেও, একজন এফপিএল (FPL) ম্যানেজারের কাছে প্রতিটি ম্যাচের হিসাব চলে পুরো মৌসুমজুড়ে।

সময়ের আলো/টিকে


  বিষয়:   ১৩ মিলিয়ন  ম্যানেজার  লড়াই  এফপিএল  আদ্যোপান্ত  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: