২০২৬-২৭ মৌসুম : আর্সেনালের ম্যাচ দিয়ে পর্দা উঠছে প্রিমিয়ার লিগের

ক্রীড়া ডেস্ক

খেলা

মাঠের লড়াইয়ের উত্তেজনার পাশাপাশি রেফারিং ও খেলার ধারায় বেশ কিছু বড় পরিবর্তন নিয়ে আজ শুক্রবার (২১ আগস্ট) রাতে পর্দা উঠছে

2026-08-21T12:57:29+00:00
2026-08-21T15:31:03+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
খেলা
২০২৬-২৭ মৌসুম : আর্সেনালের ম্যাচ দিয়ে পর্দা উঠছে প্রিমিয়ার লিগের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১২:৫৭ পিএম  আপডেট: ২১.০৮.২০২৬ ৩:৩১ পিএম
প্রিমিয়ার লিগ ২০২৬-২৭ মৌসুম । ছবি : সংগৃহীত
মাঠের লড়াইয়ের উত্তেজনার পাশাপাশি রেফারিং ও খেলার ধারায় বেশ কিছু বড় পরিবর্তন নিয়ে আজ শুক্রবার (২১ আগস্ট) রাতে পর্দা উঠছে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৬-২৭ মৌসুমের। বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল ও ২৫ বছর পর শীর্ষ স্তরে ফিরে আসা কভেন্ট্রি সিটির মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে ফুটবলের অন্যতম বিশ্বসেরা এই লড়াই। তবে এবার কেবল ফুটবলারদের গোল বা পয়েন্টের লড়াই-ই নয়, সমর্থক ও বিশ্লেষকদের নজর থাকবে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) অনুমোদিত ও প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের প্রয়োগ করা বেশ কিছু নতুন নিয়মের ওপর।

বদলির সময়ে কড়াকড়ি

নতুন এই নিয়মগুলোর মূল লক্ষ্য খেলা সচল রাখা এবং কৃত্রিমভাবে সময়ক্ষেপণ বন্ধ করা। এখন থেকে বদলি হওয়া খেলোয়াড়দের মাঠ ছাড়তে সর্বোচ্চ ১০ সেকেন্ড সময় দেওয়া হবে। এই নির্ধারিত সময়ের মধ্যে কোনো ফুটবলার মাঠ না ছাড়লে, নতুন খেলোয়াড়কে সঙ্গে সঙ্গে নামতে দেওয়া হবে না; তাকে আরও অন্তত এক মিনিট ডাগআউটে অপেক্ষা করতে হবে।

থ্রো-ইন ও গোল কিকে সময়ের হিসাব

একই সঙ্গে থ্রো-ইন ও গোল কিকের ক্ষেত্রে রেফারিদের নির্দেশনায় পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন বা সময়সীমা যুক্ত হচ্ছে। থ্রো-ইনে নির্ধারিত সময় পার হলে বল চলে যাবে প্রতিপক্ষের অনুকূলে, আর গোল কিকে অতিরিক্ত দেরি করলে প্রতিপক্ষ দল সরাসরি কর্নার কিক পাবে।


গোলকিপারের চোটে কড়া নজর
ম্যাচের কৌশলগত বিরতি বা ‘ট্যাকটিক্যাল টাইমআউট’ বন্ধ করতে এবার এক অভিনব নিয়ম পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। অনেক সময় দলের গতি থামিয়ে দিতে বা কোচকে পরামর্শ দেওয়ার সুযোগ করে দিতে গোলরক্ষকের চোটের মিথ্যা ভান করা হয়। এখন থেকে গোলরক্ষকের চোটের জন্য খেলা বন্ধ হলে, ওই দলের যেকোনো একজন ফিল্ড খেলোয়াড়কে অন্তত এক মিনিটের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি ইনজুরির কারণে মাঠেই চিকিৎসাসেবা নেওয়া যেকোনো ফুটবলারকে অন্তত ১ মিনিট মাঠের বাইরে অবস্থান করতে হবে।

ভিএআরের ক্ষমতা

ভিএআর (VAR) বা ভিডিও সহকারী রেফারির ভূমিকাতেও কিছুটা পরিবর্তন এসেছে। কোনো খেলোয়াড়কে ভুলভাবে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠছাড়া করা হয়েছে বলে মনে হলে ভিএআর তা পর্যালোচনার জন্য রেফারিকে সুপারিশ করতে পারবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে 'রেফ ক্যাম' যুক্ত ম্যাচগুলোর অডিও ও ভিডিও ক্লিপ ম্যাচ শেষে প্রকাশ করা হবে এবং পিজিএমওএল (PGMOL)-এর কেএমআই প্যানেলের পূর্ণাঙ্গ সিদ্ধান্তও সর্বসাধারণের জন্য উম্মুক্ত করা হবে।

অবশ্য নতুন নিয়মের তোড়ে পুরোনো সব আন্তর্জাতিক প্রস্তাব কিন্তু গ্রহণ করেনি প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ভুল কর্নার সিদ্ধান্তের ক্ষেত্রে ভিএআর হস্তক্ষেপ করবে না। এছাড়া তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে না উঠলে মাঝপথে কোনো কুলিং বা হাইড্রেশন ব্রেক দেওয়া হবে না।

আজ রাতের উদ্বোধনী ম্যাচে গত মৌসুমের চ্যাম্পিয়ন আর্সেনাল মুখোমুখি হবে গত মৌসুমের চ্যাম্পিয়নশিপ বিজয়ী কভেন্ট্রি সিটির। দীর্ঘ ২২ বছর পর লিগ জেতা আর্সেনাল গত সপ্তাহে কমিউনিটি শিল্ড জয় করে আত্মবিশ্বাসী মেজাজে রয়েছে। বাংলাদেশ সময় রাত ১টায় এমিরেটস স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই ম্যাচটি দিয়ে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নতুন নিয়ম বাস্তবায়নের রোমাঞ্চকর এক অধ্যায় শুরু হতে যাচ্ছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   চ্যাম্পিয়ন  আর্সেনাল  ম্যাচ  প্রিমিয়ার লিগ  ২০২৬-২৭  মৌসুম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: