কক্সবাজারে চলন্ত এসি বাসে আগুন, জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার

রামু (কক্সবাজার) সংবাদদাতা

সারাদেশ

কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় বাসটিতে প্রায় ২৫ থেকে ৩০

2026-08-22T02:52:07+00:00
2026-08-22T02:52:07+00:00
 
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
সারাদেশ
কক্সবাজারে চলন্ত এসি বাসে আগুন, জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার
রামু (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:৫২ এএম 
আইকন পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় বাসটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিমপাশে এন আলম ফিলিং স্টেশনের সামনের সড়কের ওপর এ ঘটনা ঘটে।

জানা গেছে, কক্সবাজার থেকে আইকন পরিবহনের একটি এসি বাস প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরে বাসটি কিছুদূর যাওয়ার পর আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার পর জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়। একই সঙ্গে যাত্রীদের মালামালও বাসের ভেতর থেকে খুঁজে বের করে তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রায়হান নামে এক যাত্রী বলেন, ‘আমরা কক্সবাজারে ঘুরতে এসেছিলাম। আমার সিট নম্বর ছিল এইচ-১। ঢাকা যাচ্ছিলাম। গাড়িতে আগুন লাগার বিষয়টি চালক বা হেল্পার আমাদের জানায়নি। প্রথমে পোড়া গন্ধ পাই, পরে আগুন দেখতে পাই। স্থানীয়রা বাসের জানালার গ্লাস ভেঙে আমাদের উদ্ধার করেন।’

মো. সোহেল রানা নামে আরেক যাত্রী বলেন, ‘আমরা পরিবারের ৭ জন কক্সবাজারে বেড়াতে এসেছিলাম। গাড়ির ভেতরে আগুন লাগার পর ধোঁয়া ও গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। স্থানীয়রা জানালার গ্লাস ভেঙে আমাদের বের করে না আনলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।’


প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর বাসের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় লোকজন এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বাসটির চালক ও হেল্পার আগুন লাগার পর পালিয়ে গেছেন বলে যাত্রীদের অভিযোগ। তবে তাদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, ‘যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ বলেন, ‘খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত সেখানে গিয়ে যাত্রীদের বাস থেকে উদ্ধার করা হয়।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   কক্সবাজার  চলন্ত এসি বাস  আগুন  জানালা  যাত্রী উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: