মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সিন্ডিকেটের শঙ্কা এনসিপির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দুই বছরের বেশি সময় পর মালয়েশিয়ার শ্রমবাজার ফের খুলতে যাওয়াকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ২৫ রিক্রুটিং এজেন্সির

2026-08-23T15:37:13+00:00
2026-08-23T15:37:57+00:00
 
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
জাতীয়
মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সিন্ডিকেটের শঙ্কা এনসিপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:৩৭ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ৩:৩৭ পিএম
এনসিপি। ছবি : সংগৃহীত
দুই বছরের বেশি সময় পর মালয়েশিয়ার শ্রমবাজার ফের খুলতে যাওয়াকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ২৫ রিক্রুটিং এজেন্সির তালিকা নিয়ে উদ্বেগ জানিয়ে দলটি বলেছে, অতীতের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে নতুন করে কোনো সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ তৈরি করা যাবে না।

এনসিপির মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক বিবৃতিতে বলেন, ‘মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে। তবে কোন প্রক্রিয়া, মানদণ্ড ও ভিত্তিতে এসব এজেন্সি নির্বাচন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।’

এর আগে, বাংলাদেশ সরকার মালয়েশিয়ার নির্ধারিত শর্ত পূরণকারী ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা দেশটির কাছে পাঠিয়েছিল। সেই তালিকা থেকে মাত্র ২৫টি এজেন্সি নির্বাচনের প্রক্রিয়া ও ভিত্তি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা জরুরি বলে মনে করে এনসিপি।

অতীতে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী প্রেরণের ক্ষেত্রে সিন্ডিকেটের মাধ্যমে ব্যাপক অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ছিল। সরকার নির্ধারিত ৭৯ হাজার টাকার বিপরীতে একজন কর্মীর কাছ থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে। এর ফলে বিদেশে যাওয়ার আশায় অনেক কর্মী জমি-জমা বিক্রি, সহায়-সম্বল শেষ করা কিংবা ঋণ নিয়ে বিপুল অর্থের বোঝা বহন করতে বাধ্য হয়েছেন।


এনসিপি মনে করে, নতুন করে একই ধরনের ব্যবস্থা তৈরি হলে ভুক্তভোগী হবেন কর্মপ্রত্যাশী সাধারণ মানুষ। বিদেশগামী কর্মীদের অসহায়ত্বকে পুঁজি করে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ বন্ধ করতে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা, প্রতিযোগিতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়া বাংলাদেশের কর্মপ্রত্যাশী মানুষের জন্য একটি বড় সুযোগ। আমরা কোনোভাবেই চাই না, অতীতের সিন্ডিকেট ভেঙে নতুন কোনো সিন্ডিকেট তৈরি হোক। একজন বাংলাদেশি কর্মী বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি বা ঋণ নেয়ার পর তার কষ্টার্জিত অর্থ যেন কোনো সিন্ডিকেটের পকেটে না যায়-সরকারকে সেই নিশ্চয়তা দিতে হবে।’

এনসিপি আরও মনে করে, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতাসীনদের ঘনিষ্ঠতার ভিত্তিতে রিক্রুটিং এজেন্সি বাছাই এবং সিন্ডিকেট গড়ে ওঠার যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি একই চক্র যেন নতুন নামে বা নতুন কাঠামোয় ফিরে আসতে না পারে, সেটিও নিশ্চিত করতে হবে।

২০২৪ সালে সব প্রক্রিয়া সম্পন্ন করেও মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে পাঠানোর পাশাপাশি কর্মী নিয়োগের সংখ্যা, পদ্ধতি ও অভিবাসন ব্যয় স্বচ্ছভাবে নির্ধারণ করে তা প্রকাশের দাবি জানিয়েছে দলটি।

মালয়েশিয়ার শ্রমবাজার কয়েকটি এজেন্সির একচেটিয়া নিয়ন্ত্রণে না দিয়ে যোগ্য সব এজেন্সির জন্য সমান সুযোগ, সহনীয় অভিবাসন ব্যয় ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এনসিপি।

সময়ের আলো/মহু



  বিষয়:   মালয়েশিয়া  শ্রমবাজার  সিন্ডিকেট  শঙ্কা  এনসিপি  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: