ফের ভাঙল খোয়াইয়ের বাঁধ, পানিবন্দি শতাধিক পরিবার

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মানহীন কাজ ও দীর্ঘসূত্রিতার কারণে হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের খোয়াই নদীর ভাঙনে ফের তলিয়ে গেছে কয়েক শতাধিক বাড়িঘর ও ফসলি জমি।

2026-08-23T19:58:32+00:00
2026-08-23T19:58:32+00:00
 
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
সারাদেশ
ফের ভাঙল খোয়াইয়ের বাঁধ, পানিবন্দি শতাধিক পরিবার
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৭:৫৮ পিএম 
খোয়াই নদীর ভাঙনে ফের তলিয়ে গেছে কয়েক শতাধিক বাড়িঘর। ছবি : সময়ের আলো
মানহীন কাজ ও দীর্ঘসূত্রিতার কারণে হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের খোয়াই নদীর ভাঙনে ফের তলিয়ে গেছে কয়েক শতাধিক বাড়িঘর ও ফসলি জমি। রোববার (২৩ আগস্ট) দুপুরে আগে কালিগঞ্জ বাজার এলাকায় মেরামত করা একই স্থানে আকস্মিকভাবে নদীর বাঁধ ভেঙে যায়। এতে মুহূর্তের মধ্যে পানি ঢুকে পড়ে আশপাশের বসতবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকায়। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় অনেক পরিবার বাড়িঘর ছেড়ে প্রয়োজনীয় মালামাল নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

স্থানীয়রা জানান, শনিবার বিকেল থেকে ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি দ্রুত বাড়তে থাকে। ওইদিন দিবাগত রাতে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহ শুরু হলে ক্ষতিগ্রস্ত ও মেরামত করা বাঁধের অংশে হঠাৎ ভাঙন দেখা দেয়। স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁধ রক্ষার চেষ্টা করলেও প্রবল পানির স্রোতের কারণে তা সম্ভব হয়নি। ঘটনায় পানির নিচে তলিয়ে যেতে শুরু করে বিস্তীর্ণ এলাকা।

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রায় দেড় মাস আগে একই স্থানে বাঁধ ভেঙে শত শত বাড়িঘর ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও বাঁধ ভেঙে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। তাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কাজ এবং সংশ্লিষ্টদের গাফিলতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা আরও বলেন, বাঁধের কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার তাগাদা দেওয়া হয়েছিল। কিন্তু তাদের অভিযোগ, ঠিকাদার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেননি। ধীরগতিতে কাজ চলায় ঝুঁকিপূর্ণ বাঁধটি পানির চাপ সামলাতে পারেনি। ফলে আবারও তাদের ঘরবাড়ি ও ফসলি জমি বানের পানিতে ভেসে গেছে।


হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বর্তমানে চুনারুঘাটের বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ অংশে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, হঠাৎ করে ভারতের ত্রিপুরা রাজ্যের সুইচগেট খুলে দেওয়ায় খোয়াই নদীতে পানির চাপ বেড়েছে। পাশাপাশি অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত বাঁধের সংস্কারকাজ সময়মতো শেষ করা সম্ভব হয়নি। ফলে পানি বৃদ্ধি পাওয়ার পর বাঁধের ওই অংশে ভাঙন দেখা দিয়েছে।

এদিকে নতুন করে বাঁধ ভেঙে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা দ্রুত বাঁধ সংস্কার করে পানি নিয়ন্ত্রণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।

সময়ের আলো/এনএন/আতা


  বিষয়:   ফের ভাঙল খোয়াইয়ের বাঁধ  পানিবন্দি শতাধিক পরিবার  খোয়াইয়ের বাঁধ  বাঁধ  পানিবন্দি  সময়ের আলো  হবিগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: