জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে ১৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী অধ্যাপক পদে দুজন এবং প্রভাষক পদে ১২ জন নিয়োগ দেওয়া হবে।
সহকারী অধ্যাপক পদে নিয়োগ
সমাজকর্ম বিভাগে একজন এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে একজন সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে।
এ পদের বেতন স্কেল ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা।
প্রভাষক পদে ১২ জন
প্রভাষক পদে মোট ১২ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে—
সংগীত বিভাগে ২ জন
ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ২ জন
নাট্যকলা বিভাগে ২ জন
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ১ জন
জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে ১ জন
ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগে ১ জন
প্রিন্ট মেকিং বিভাগে ১ জন
ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগে ১ জন
প্রভাষক পদের বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
আবেদনে যেসব যোগ্যতা লাগবে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে আবেদন করতে সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফলাফলসহ অন্যান্য যোগ্যতা পূরণ করতে হবে।
কিছু পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে নির্ধারিত ফলাফলের পাশাপাশি গবেষণা বা প্রকাশনার অভিজ্ঞতাকেও যোগ্যতার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট job.jnu.ac.bd-এ অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ৬০০ টাকা। নগদ বা রকেটের মাধ্যমে এ ফি পরিশোধ করা যাবে।
অনলাইনে আবেদন সম্পন্ন করার পর আবেদনপত্রের প্রিন্ট কপিসহ প্রয়োজনীয় কাগজপত্রের আট সেট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে জমা দিতে হবে। আবেদনপত্র সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে।
আবেদনের শেষ সময়
১৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান অনুসরণ করা হবে।
এ ছাড়া প্রয়োজন অনুযায়ী পদসংখ্যা কমানো বা বাড়ানোর ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
সময়ের আলো/কেএইচ