ইসলামি নন্দনতত্ত্বের নৈতিক রূপরেখা

সুবাইতা নওরিন

ইসলাম

পাশ্চাত্য ও আধুনিক ধর্মনিরপেক্ষ দর্শনে শিল্প ও সংস্কৃতিকে প্রায়শই বিচার করা হয় ‘শিল্পের জন্যই শিল্প’ অথবা মানুষের আদিম ও অনিয়ন্ত্রিত

2026-08-28T13:07:07+00:00
2026-08-28T13:07:07+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ইসলাম
ইসলামি নন্দনতত্ত্বের নৈতিক রূপরেখা
সুবাইতা নওরিন
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১:০৭ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
পাশ্চাত্য ও আধুনিক ধর্মনিরপেক্ষ দর্শনে শিল্প ও সংস্কৃতিকে প্রায়শই বিচার করা হয় ‘শিল্পের জন্যই শিল্প’ অথবা মানুষের আদিম ও অনিয়ন্ত্রিত আবেগ প্রকাশের মাধ্যম হিসেবে। যে দর্শনে নান্দনিকতার পরিমাপক মূলত স্থূল ইন্দ্রিয়সুখ এবং লৌকিক আনন্দ। ফলে অনেক সময় সংস্কৃতির নামে এমন সব বিষয়কে প্রমোট করা হয়, যা মানুষের নৈতিক অবক্ষয় ঘটায় এবং রুহানি পবিত্রতা বিনষ্ট করে। তবে ইসলামের দৃষ্টিতে নন্দনতত্ত্ব বা সৌন্দর্যের সংজ্ঞা ও উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। ইসলামে শিল্প ও সংস্কৃতি বিনোদনের অনুষঙ্গের গণ্ডি পেরিয়ে মানুষের রুচিবোধকে পরিমার্জিত করার, আল্লাহর মহিমা অনুধাবন করার এবং রুহের প্রশান্তি খোঁজার এক অনন্য মাধ্যম। ইসলাম মানুষের সহজাত নান্দনিক চেতনাকে অস্বীকার করে না; তাকে এক শাশ্বত ও কল্যাণকর ফ্রেমে আবদ্ধ করে। কুরআন ও সুন্নাহর গভীর দর্শনের আলোকে ইসলামি নন্দনতত্ত্বের মূল ভিত্তিগুলোকে প্রধানত চারটি মাত্রায় রূপরেখা দেওয়া যায়— 

সৌন্দর্যের ঐশ্বরিক উৎস ও দৃষ্টিভঙ্গি

ইসলামি নন্দনতত্ত্বের মূল উৎস হলেন স্বয়ং স্রষ্টা। মহাবিশ্বের নিখুঁত স্থাপত্যশৈলী, ময়ূরের পেখমের রঙের বিন্যাস, সুবিশাল আকাশের নীলাভ ক্যানভাস, সবই আল্লাহর পরম সুন্দর গুণাবলির বহিঃপ্রকাশ। বিখ্যাত সাহাবি হজরত ইবনে মাসউদ (রা.)-এর সূত্রে বর্ণিত, রাসুলে কারিম (সা.) ইরশাদ করেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন’ (সহিহ মুসলিম : ৯১)। এই একটিমাত্র হাদিসই মুসলিম মানসে সুকুমার কলার মূল ভিত্তি গড়ে দেয়। একজন মুমিনের কাছে সৌন্দর্যচর্চা হলো আল্লাহর একটি গুণকে নিজের জীবনে ধারণ করার সৎ প্রয়াস। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা মানুষের পোশাক-পরিচ্ছদ ও বাহ্যিক সৌন্দর্যের নান্দনিক দিকটি উল্লেখ করে বলেছেন, ‘হে বনি আদম! আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের লজ্জা নিবারণ করে এবং যা সৌন্দর্যবর্ধক’ (সুরা আল-আরাফ : ২৬)। ইসলাম সৌন্দর্যকে শুধু বিমূর্ত ভাবনায় বন্দি রাখেনি, বরং ইবাদত ও যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে এর মার্জিত ব্যবহারের নির্দেশ দিয়েছে। নামাজের মতো পবিত্র ইবাদতে শামিল হওয়ার সময় আল্লাহ তায়ালা সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক পরিধানের তাগিদ দিয়ে বলেন, ‘হে বনি আদম! তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের সুন্দর পোশাক পরিধান করো।’ (সুরা আল-আরাফ : ৩১)

শিল্প ও সাহিত্যের মার্জিত দিকনির্দেশনা

সাহিত্য হলো সমাজের দর্পণ এবং মানব অনুভূতির শব্দরূপ। আরবের জাহেলি যুগে কবিতা ছিল গোত্রীয় অহংকার, কুৎসা রটনা এবং স্থূল লালসা প্রকাশের হাতিয়ার। ইসলাম এসে সাহিত্যের এই ধারাকে আমূল বদলে দেয়। পবিত্র কুরআনে কবি ও সাহিত্যিকদের উদ্দেশ করে এক কালজয়ী মূলনীতি ঘোষণা করা হয়েছে, ‘ব্যতিক্রম তারা যারা ঈমান আনে, সৎকাজ করে, আল্লাহকে বহুবার স্মরণ করে এবং নির্যাতিত হওয়ার পর প্রতিবিধান করে’ (সুরা আশ-শুআরা : ২২৭)। এই আয়াতের মাধ্যমে ইসলাম সৎ, বিশ্বাসী এবং মানবকল্যাণে নিবেদিত সাহিত্যিকদের এক অনন্য মর্যাদা দান করেছে। রাসুলে কারিম (সা.) নিজে কবি হাসসান ইবনে সাবিত (রা.)-এর কবিতা শুনতেন এবং মসজিদের মিম্বরে দাঁড় করিয়ে তাঁকে কবিতা আবৃত্তি করার অনুমতি দিতেন। এমনকি রাসুলুল্লাহ (সা.) বলতেন, ‘নিশ্চয়ই কোনো কোনো বক্তব্যে জাদু রয়েছে এবং কোনো কোনো কবিতায় রয়েছে প্রজ্ঞা’ (সহিহ বুখারি : ৫১৪৬)। ইসলামি নন্দনতত্ত্বে সাহিত্য এমন এক শিল্প, যা মানুষকে সত্যের পথ দেখায়, হৃদয়ে আল্লাহর প্রেম জাগ্রত করে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা জোগায়।

চারু ও কারুশিল্পে নতুন দিগন্তের উন্মেষ

ইসলামি সংস্কৃতি মূর্তিপূজা বা ব্যক্তিকেন্দ্রিক অতিমানবীয় ধারণাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। এর ফলে মুসলিম শিল্পীরা সস্তা মানবমূর্তি বা দেবদেবীর ছবি আঁকার গণ্ডি পেরিয়ে এক নতুন ও বৈপ্লবিক শিল্পকলার জন্ম দেন, যা আজ বিশ্বজুড়ে সমাদৃত। এর প্রধান দুটি শাখা হলো— 

এক. ক্যালিগ্রাফি বা লিপিশিল্প : পবিত্র কুরআনের বাণীকে কাগজের ক্যানভাসে, মসজিদের দেয়ালে কিংবা স্থাপত্যে ফুটিয়ে তোলার যে আকুলতা, তা থেকেই জন্ম নিয়েছে ক্যালিগ্রাফি। অক্ষরের অবয়বে পরম স্রষ্টার বাণীর প্রতি ভালোবাসার এক জ্যামিতিক ও নান্দনিক বর্ণনা।

দুই. আরাবেস্ক ও জ্যামিতিক নকশা : প্রকৃতি ও গণিতের এক অপূর্ব মেলবন্ধনে তৈরি এই নকশাগুলো মুসলিম স্থাপত্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। কোনো ব্যক্তির ছবি না এঁকে ফুল, লতা-পাতা এবং অবিচ্ছিন্ন জ্যামিতিক রেখার যে জটিল ও নিখুঁত বুনন মুসলিম শিল্পীরা তৈরি করেছেন, তা দর্শককে এক পরম ও অনন্ত শৃঙ্খলার কথা মনে করিয়ে দেয়, যা মূলত তৌহিদ বা আল্লাহর একত্ববাদেরই প্রতীক। কর্ডোভার গ্র্যান্ড মসজিদ থেকে শুরু করে তাজমহল, মুসলিম স্থাপত্যের প্রতিটি ইট ও গম্বুজে জ্যামিতিক সুমিতি ও নান্দনিক সুষমতার যে নজির দেখা যায় তা ইসলামি নন্দনতত্ত্বেরই এক একটি অনবদ্য দলিল।
সংস্কৃতির শালীনতা ও নৈতিক সীমারেখা


ইসলামি সংস্কৃতির বিনোদন কখনো বল্গাহীন নয়। যে বিনোদন মানুষকে তার আত্মিক চেতনা থেকে দূরে সরিয়ে দেয়, তা ইসলামে বর্জনীয়। ইসলাম এমন এক সুস্থ
সংস্কৃতির বিকাশ ঘটায় যেখানে আনন্দের মাঝেও নৈতিকতা অক্ষুণ্ন থাকে। যেকোনো শিল্প বা সংস্কৃতির উপাদান যদি মানুষের মাঝে অশ্লীলতা ছড়ায়, তবে ইসলাম তা শক্ত হাতে দমন করে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি’ (সুরা আন-নুর : ১৯)। তাই ইসলামি নন্দনতত্ত্বের মূল কথাই হলো, শিল্পকে হতে হবে কলুষতামুক্ত, মার্জিত এবং রুচিশীল। তা মানুষের পাশবিক প্রবৃত্তিকে উসকে দেয় না, বরং তার মানবিক ও আধ্যাত্মিক সত্তাকে জাগ্রত করে। ঈদ, আকিকা বা বিয়ের মতো সামাজিক উৎসবগুলোতে ইসলাম আনন্দের অনুমতি দিয়েছে, তবে তা হতে হবে শালীনতার সীমারেখার ভেতরে থেকে, যেন আনন্দের মাঝেও স্রষ্টার প্রতি আনুগত্যের চাদরটি খসে না পড়ে।

ইসলামি নন্দনতত্ত্ব মানুষকে এক ভারসাম্যপূর্ণ জীবনের সন্ধান দেয়, দেহের প্রয়োজনের পাশাপাশি আত্মার খোরাকও নিশ্চিত হয়। তা এমন এক সংস্কৃতি গড়ে তোলে, যা মানুষকে স্থূলতা থেকে সূক্ষ্মতার দিকে, অন্ধকার থেকে আলোর দিকে এবং সৃষ্টি থেকে স্রষ্টার দিকে নিয়ে যায়। বর্তমান যুগের সস্তা ও নৈতিকতাহীন বিনোদনের আগ্রাসনের বিপরীতে ইসলামি নন্দনতত্ত্বের এই শাশ্বত ও মার্জিত রূপরেখাই পারে মানবসমাজকে একটি সুস্থ, সুন্দর ও রুচিশীল সংস্কৃতির সুশীতল ছায়া দান করতে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   ইসলাম  নন্দনতত্ত্ব  নৈতিক  রূপরেখা 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: