ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যিক জটিলতার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা পাঁচদিন বন্ধ রয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। এতে বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ায় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এছাড়া কাজ বন্ধ হয়ে বিপাকে পড়েছেন হাজারো শ্রমিক।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে হিলি কাস্টমস সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠানে সভাপতি ফেরদৌস রহমান এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাণিজ্য অচলাবস্থা নিরসনে দুই দেশের সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। আগামী শনিবারের (৫ সেপ্টেম্বর) মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানান তিনি।
ব্যবসায়ীরা জানান, ভারতের অভ্যন্তরে পণ্যবাহী অনেক ট্রাক আটকে রয়েছে। সময়মতো এসব পণ্য দেশে প্রবেশ করতে না পারলে আমদানিকারকদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। পাঁচ দিন ধরে ট্রাক না আসায় লোড-আনলোড কার্যক্রম বন্ধ থাকায় দৈনিক মজুরির শ্রমিকেরাও আয়-রোজগার হারিয়েছেন। তাছাড়া আমদানি-রফতানি বন্ধ থাকায় ব্যবসায়ী ও শ্রমিকদের পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকারও। স্বাভাবিক সময়ে হিলি স্থলবন্দর থেকে প্রতিদিন প্রায় ৫০ লাখ থেকে ১ কোটি টাকা রাজস্ব আদায় হয়ে থাকে। টানা পাঁচদিন কার্যক্রম বন্ধ থাকায় বিপুল পরিমাণ রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
সময়ের আলো/এনএন