কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ ও শৌচাগারের বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। পরিদর্শনের সময় হাসপাতালের পরিচালককে তিনি বলেন, ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করি। যদি আমি পারি, তাহলে আপনার কাছে জানতে চাইব— আপনি কেন পারলেন না?’
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হাসপাতাল পরিদর্শন ও ব্যবস্থাপনা কমিটির সভায় মন্ত্রী এসব কথা বলেন। বৃহস্পতিবার তার বক্তব্যের প্রায় ৫০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে হাসপাতালের বিভিন্ন স্থানের অপরিচ্ছন্নতা দেখে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। টাইলসে কালো দাগ দেখে তিনি বলেন, ‘টাইলসের ওপর কালো দাগ থাকার কথা নয়। হারপিক ব্যবহার করলে এসব দাগ পরিষ্কার হয়ে যায়।’
শৌচাগারের অবস্থা দেখে তিনি আরও বলেন, ‘বাথরুমগুলোর জঘন্য অবস্থা। সব ফ্লোরে দেখব, বাথরুম আছে ছয়টা, এর মধ্যে পাঁচটি বন্ধ। অন্তত বাথরুমটা তো আপনারা ঠিক রাখবেন।’ এ সময় তিনি বলেন, ‘আই ওয়ান্ট ক্লিন রাইট নাউ।’
হাসপাতালের নষ্ট বৈদ্যুতিক পাখাগুলো দ্রুত মেরামতের নির্দেশও দেন মন্ত্রী।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান জানান, বর্তমানে ১১৭টি বাথরুম সচল থাকলেও ৩০টি ব্যবহারের অনুপযোগী। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে আগামী ১৫ দিনের মধ্যে সেগুলো সচল করার আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি বলেন, হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩৪৭ রোগী ভর্তি। তাদের সঙ্গে রয়েছেন বহু স্বজন। পাশাপাশি ১৬৫টি পরিচ্ছন্নতাকর্মীর পদের মধ্যে ১০২টিই শূন্য থাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সময়ের আলো/এমকে