পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীর তীরবর্তী ধুলিয়া ও দুর্গাপাশা ইউনিয়নবাসীর উদ্যোগে দীর্ঘ চার কিলোমিটার জুড়ে টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে আন্দোলন কমিটির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোলা ও পটুয়াখালীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক মুক্তি এবং মানুষের নিরাপদ বাসস্থানের জন্য টেকসই বাঁধ ও সেতুর দাবি জানানো হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলার ভেদুরিয়া ও পটুয়াখালীর ধুলিয়া সেতু ও টেকসই বাঁধ আন্দোলন কমিটির আহ্বায়ক মোফাজ্জেল হক মফুরের সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষ স্বাধীনতার পর থেকেই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। প্রমত্তা তেঁতুলিয়ার জোয়ারে ঘরবাড়ি ও ফসলি জমি তলিয়ে যায় এবং ভাটার সময় চর জেগে ওঠে। প্রাকৃতিক দুর্যোগের কারণে হালের বলদ, পুকুরের মাছ ও কৃষিজমি হারিয়ে ইতিমধ্যে কয়েক হাজার মানুষ নিঃস্ব হয়েছেন এবং নদীতে বিলীন হয়েছে বেশ কয়েকটি গ্রাম। এ অবস্থায় তারা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, পটুয়াখালী ইপিজেড ও পায়রা বন্দর এবং ভোলার ভেদুরিয়া ও বাউফলের তেঁতুলিয়া নদীতে সেতু নির্মিত হলে ভোলা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও বরিশালের সঙ্গে একটি শক্তিশালী অর্থনৈতিক সেতুবন্ধন তৈরি হবে। এর মাধ্যমে কম সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি এলাকায় শিল্প-কলকারখানা ও ব্যবসা-বাণিজ্য গড়ে উঠবে। ফলে ৬টি জেলার ২৫টি উপজেলার মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে।
মানববন্ধনে ভার্চুয়ালি বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম তালুকদার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক কামরুজ্জামান কামরুল, জামায়াতের উপজেলা আমির রফিকুল ইসলাম, সম্পাদক মো. খালিদুর রহমান, সাবেক চেয়ারম্যান বাবুল মিয়া, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তৌসিফুর রহমান রাফা এবং স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মো. তারেক।
সময়ের আলো/জোই