সরকার গঠনের পর থেকেই জনমনে অসন্তোষ তৈরি হয়েছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, অনেক মানুষ এখন বলছেন তারা আর কখনো বিএনপিকে ভোট দেবেন না।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
অলি আহমদ বলেন, আমার ৮৮ বছর বয়সে আমি কখনো শুনিনি, একটা সরকার গঠন হওয়ার পর লোকে বলে এই সরকার টিকবে না। তিনি আরও বলেন, সারাক্ষণ দেখছি নারীরা, পুরুষেরা নিজের জুতা নিজের কপালে মারছে, বলছে আর কখনও বিএনপিকে ভোট দেব না।
অলি আহমদ বলেন, দেশ পরিচালনায় সৎ ও ঈমানদার মানুষকে দায়িত্ব দিতে হবে। বেইমান, মুনাফেক আর বিদেশি দালালদের দিয়ে দেশ চলবে না বলেও মন্তব্য করেন তিনি।
লং মার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মিছিল হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল। আপনার, আমাদের গন্তব্যে পৌঁছার পথে যদি কেউ বাধা সৃষ্টি করে, সেটা অধিকতর শক্তি দিয়ে মোকাবিলা করা হবে।’
সময়ের আলো/এমকে