বিরোধীদলের দেওয়া ৬ দফা অধিকার আদায় করেই ঘরে ফিরবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ে বিরোধীদলের ডাকা লংমার্চের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা আপনাদের সাথে নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করব। আপনারা যারা জীবন বাজি রেখে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন জুলাই সনদ আপনাদের অধিকার। আপনাদের ৬ দফা অধিকার আদায় করেই ঘরে ফিরব। আমরা ইনসাফের বাংলাদেশ গড়ব।
এতে আরো বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হক।
তিনি বলেন, ক্ষমতার মসনদে বসে ৭০ শতাংশ মানুষের গণভোটকে অবৈধ বলেন, এ দুঃসাহস আপনাকে কে দিয়েছে? জনগণের ভোটাধিকারকে অবৈধ বলে আখ্যায়িত করলে জনগণকেই অসম্মান করা হয়। ভালোয় ভালোয় সংস্কার করেন। গণভোট যদি অবৈধ হয়ে থাকে, আপনার সরকারও অবৈধ সরকার।
সময়ের আলো/আতা