প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের এক নেতার প্রাডো গাড়িতে করে লংমার্চে অংশ নিয়েছেন।
একই সঙ্গে লংমার্চের উদ্দেশ্য ও কর্মসূচি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন রাশেদ খাঁন।
রাশেদ খাঁন দাবি করেন, মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের বাড়িঘর ও ধনসম্পদ দখলের কথা বলতেন। তার ভাষ্য, লংমার্চে আওয়ামী লীগের এক নেতার প্রাডো গাড়ি ব্যবহারের ঘটনায় সেই বক্তব্যের কিছুটা প্রতিফলন দেখা গেছে।
তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের ওই নেতাকে নিরাপত্তা দেওয়ার কারণে গাড়িটি উপহার দেওয়া হয়েছিল কি না, নাকি আওয়ামী লীগের সম্পদ দখলের প্রবণতা থেকে গাড়িটি নেওয়া হয়েছে—তা খতিয়ে দেখা প্রয়োজন।
রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, লংমার্চের কর্মসূচিতে আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা গণহত্যার বিচারের দাবিতে কোনো বক্তব্য না থাকার বিষয়টিও প্রশ্ন তৈরি করেছে। তাঁর দাবি, এই লংমার্চের উদ্দেশ্য ছিল ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করা।
তিনি আরও বলেন, লংমার্চে উসকানিমূলক স্লোগান এবং লাঠিসোঁটা নিয়ে লোকজন অংশ নিলেও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে পা দেননি।
রাশেদ খাঁন তার পোস্টে আরও প্রশ্ন তোলেন, এ বিষয়ে এনসিপি কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয় কি না।
সময়ের আলো/জেডআই