গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙা এবং অবরুদ্ধ ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছে দিতে আবারও আন্তর্জাতিক অভিযান শুরু করেছে ফ্রিডম ফ্লোটিলা জোট (এফএফসি)। অক্টোবর মাসে গাজা উপকূলে পৌঁছানোর লক্ষ্য নিয়ে ইউরোপের বিভিন্ন বন্দর হয়ে জাহাজগুলো এগিয়ে যাবে।
আগের অভিযানে ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতন, প্রহার, টেজার দিয়ে আঘাত ও যৌন হয়রানির অভিযোগ উঠলেও নতুন মিশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এফএফসি। গাজায় খাদ্য, ওষুধ ও জ্বালানি প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ তুলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপও চেয়েছে জোটটি।
এফএফসির স্টিয়ারিং কমিটির সদস্য জোহর চেম্বারলেইন রেজো বলেন, আমাদের সরকারগুলো তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ফ্রিডম ফ্লোটিলা আবারও যাত্রা শুরু করেছে। আগামী অক্টোবরে গাজার তীরে বিশ্বের মানুষের সংহতি ও স্বাধীনভাবে বাঁচার দাবি পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।
‘হান্দালা ২’ ও ‘কেট’ নামের দুটি জাহাজ ইতোমধ্যে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি ও ফ্রান্স সফর করেছে। এরপর স্পেন, পর্তুগাল ও ইতালি হয়ে গাজার দিকে রওনা হবে তারা।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের প্রকৌশলী অ্যাডওয়ার্ড ডিগিলিও বলেন, গাজার দিকে যাত্রা ঝুঁকিপূর্ণ হলেও নীরবতা ও নিষ্ক্রিয়তা ফিলিস্তিনিদের জন্য আরও বড় ক্ষতির কারণ।
এর আগে ২০১০ সালে মাভি মারমারা জাহাজে ইসরায়েলি অভিযানে ১০ জন কর্মী নিহত হন। ২০২৫ সালেও গাজামুখী গ্লোবাল সোমুদ ফ্লোটিলার জাহাজে হামলা, কর্মীদের আটক ও নির্যাতনের অভিযোগ ওঠে।
সময়ের আলো/এমকে