সর্দি কাশিতে সাবধান

ডা. নুঝাত আনজুম সূচি

ফিচার

অনেক রোগীই হাসপাতালে এসে বলেন, ‘ডাক্তার, একটু ধুলা লাগলেই হাঁচি শুরু হয়’, ‘সামান্য ঠান্ডা লাগলেই নাক দিয়ে পানি পড়ে, কাশি

2026-09-07T11:52:37+00:00
2026-09-07T11:52:37+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ফিচার
সর্দি কাশিতে সাবধান
ডা. নুঝাত আনজুম সূচি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫২ এএম 
গ্রাফিক : সময়ের আলো
অনেক রোগীই হাসপাতালে এসে বলেন, ‘ডাক্তার, একটু ধুলা লাগলেই হাঁচি শুরু হয়’, ‘সামান্য ঠান্ডা লাগলেই নাক দিয়ে পানি পড়ে, কাশি হয়’, আবার কেউ বলেন, ‘আইসক্রিম খেলেই আমার ঠান্ডা লাগে।’ এসব উপসর্গকে আমরা অনেক সময় সাধারণ সর্দি-কাশি বলে এড়িয়ে যাই। কিন্তু বারবার একই ধরনের সমস্যা হলে বিষয়টি একটু গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। কারণ এর পেছনে থাকতে পারে অ্যালার্জিক রাইনাইটিস, বিশেষ করে ডাস্ট মাইট অ্যালার্জি।

অ্যালার্জিক রাইনাইটিস হলো এমন একটি অবস্থা, যেখানে ধুলা, ডাস্ট মাইট, পরাগরেণু, ছাঁচ বা অন্য কোনো অ্যালার্জির সংস্পর্শে এলে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থায় প্রতিক্রিয়া দেখায়। ফলে নাক দিয়ে পানি পড়া, বারবার হাঁচি, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক-চোখ চুলকানো এবং কখনো কাশির মতো উপসর্গ দেখা দিতে পারে।

Advertisement
ধুলা গেলেই কেন সমস্যা হয়?

‘ডাস্ট অ্যালার্জি’ কথাটি আমরা প্রচলিত অর্থে ব্যবহার করলেও ঘরের ধুলার মধ্যে থাকা ডাস্ট মাইটের বর্জ্য ও অন্যান্য ক্ষুদ্র কণাও অ্যালার্জির গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। বিছানা, বালিশ, কার্পেট, পর্দা ও নরম আসবাবের মতো জায়গায় এসব অ্যালার্জি থাকতে পারে। তাই ঘর পরিষ্কার করার সময়, বিছানা ঝাড়ার সময় কিংবা পুরোনো কাপড়-কার্পেট নড়াচড়া করলে অনেকের হাঁচি-কাশি বেড়ে যায়।


অ্যালার্জির একটি বৈশিষ্ট্য হলো, উপসর্গের সঙ্গে নির্দিষ্ট পরিবেশ বা পরিস্থিতির সম্পর্ক থাকতে পারে। ধুলা গেলেই যদি হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হওয়া বা কাশি শুরু হয় এবং ধুলামুক্ত পরিবেশে গেলে কমে যায়, তা হলে অ্যালার্জির সম্ভাবনা বিবেচনা করা উচিত।

সামান্য ঠান্ডা লাগলেই সর্দি-কাশি

ঠান্ডা লাগা বলতে সবসময় ভাইরাসজনিত সর্দি বোঝায় না। তাপমাত্রার পরিবর্তন বা ঠান্ডা বাতাসও কিছু মানুষের নাকের ভেতরের সংবেদনশীলতা বাড়িয়ে নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হওয়া বা কাশির মতো উপসর্গ তৈরি করতে পারে। এটিকে অনেক ক্ষেত্রে নন-অ্যালার্জিক রাইনাইটিসের ট্রিগার হিসেবেও দেখা হয়।

অন্যদিকে সর্দি সাধারণত ভাইরাসের কারণে হয় এবং কয়েক দিনের মধ্যে ভালো হয়ে যায়। অ্যালার্জিতে সাধারণত জ্বর থাকে না; বরং হাঁচি, নাক ও চোখ চুলকানো, পানির মতো সর্দি এবং কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন ভাইরাসের সংস্পর্শে উপসর্গ বাড়ার প্রবণতা থাকে।

আইসক্রিম খেলেই ঠান্ডা লাগে 

আইসক্রিম খাওয়ার সঙ্গে সঙ্গে সর্দি-কাশি শুরু হলে অনেকেই মনে করেন আইসক্রিম থেকেই ঠান্ডা লেগেছে। বিষয়টি তা নয়। আইসক্রিম সাধারণ সর্দির ভাইরাস তৈরি করে না। তবে ঠান্ডা খাবার বা পানীয় কিছু সংবেদনশীল মানুষের নাক ও গলার উপসর্গ সাময়িকভাবে বাড়িয়ে দিতে পারে। আবার কারও যদি দুধ বা কোনো উপাদানে অ্যালার্জি থাকে, তা হলে ভিন্ন ধরনের অ্যালার্জিক প্রতিক্রিয়াও হতে পারে। তাই প্রতিবার নির্দিষ্ট খাবার খাওয়ার পর একই ধরনের উপসর্গ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। 

কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন? 

প্রথম কাজ হলো নিজের সমস্যা চিহ্নিত করে, যেটি থেকে সমস্যা হয়, তা যতটা সম্ভব এড়িয়ে চলা। ঘরে ধুলা জমতে না দেওয়া, বিছানার চাদর ও বালিশের কভার নিয়মিত পরিষ্কার করা, পুরোনো কার্পেট ও অতিরিক্ত নরম আসবাব কমানো এবং ঘর পরিষ্কারের সময় সরাসরি ধুলার সংস্পর্শ এড়িয়ে চলা উপকারী।

এ ধরনের উপসর্গ বারবার হলে নিজের ইচ্ছায় অ্যান্টিবায়োটিক বা নানা ধরনের ওষুধ খাওয়া উচিত নয়। প্রয়োজন হলে চিকিৎসক রোগীর উপসর্গ ও ইতিহাস দেখে অ্যালার্জি পরীক্ষা, নাকের পরীক্ষা বা অন্য প্রয়োজনীয় পরীক্ষা করতে পারেন। অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন কিংবা নাকের নির্দিষ্ট স্প্রে ব্যবহারের প্রয়োজন হতে পারে, তবে কোন ওষুধ কতদিন ব্যবহার করবেন তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত।

বারবার সর্দি-কাশি মানেই দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতা নয়। অনেক সময় সমস্যাটি হলো অতিসংবেদনশীল নাক ও শ্বাসনালি। ধুলা, আবহাওয়ার পরিবর্তন কিংবা ঠান্ডা খাবারের সঙ্গে উপসর্গের সম্পর্কটি খেয়াল করে সঠিক কারণ চিহ্নিত করা গেলে অযথা ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব।

লেখক : এমবিবিএস, কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   সর্দি  কাশি  সাবধান  চিকিৎসা  স্বাস্থ্য 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: