বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারকে গালিগালাজ করায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) গাজীপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক মো. রাকিবুল ইসলাম দীর্ঘ শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় আদালত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ছিল।
সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিনের আবেদন করা হয়। আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি। রাষ্ট্রপক্ষে ছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সিফাত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সভা করার মদদ দিয়েছেন। পুলিশ তদন্ত করে এর প্রমাণ পেয়েছে। এসব বিষয় আদালতে উপস্থাপনের পর তার জামিন নামঞ্জুর করা হয়েছে।
রিমান্ডের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আবেদনের সময় শেষ হয়নি। পুলিশ চাইলে যেকোনো সময় রিমান্ড আবেদন করতে পারে।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, সরকারের হীন প্রচেষ্টার কারণে সিফাতের জামিন নামঞ্জুর হয়েছে। তার ভাষ্য, সিফাতকে আটকের সময় পুলিশের বক্তব্য ছিল, সরকারপ্রধানকে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালাগাল করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। পরে তাকে আগের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়।
সময়ের আলো/এমকে