সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই মো. আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় প্রধান আসামি জহুরুলকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জহুরুলকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির আল আহসান জানান, হত্যার রহস্য উদ্ঘাটন, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
উভয় পক্ষের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের এসআই কাজী আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী জানা যায়, ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভারের বরদেবী পশ্চিমপাড়ায় একটি অটো রাখা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। তর্কাতর্কি থামাতে গেলে আলতাব হোসেন হামলাকারীদের তোপের মুখে পড়েন। পরে তিনি ছেলে আরিফুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্র্যান্ড ফ্যাশন’-এ আশ্রয় নেন।
অভিযোগে বলা হয়, রাত ৮টা ১০ মিনিটের দিকে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আলতাব হোসেনকে রড, পাইপ, হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে আরিফুল ইসলামকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।
পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. শিউলী পারভীন ১৫ জনের বিরুদ্ধে সাভার থানায় হত্যা মামলা করেন।
সময়ের আলো/এমকে