ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার মামলায় গ্রেফতার দুই আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান সানি সাহা (৩৮) ও ফাহিম ইসরাক লাবিবের (২০) তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ১৭ আগস্ট শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শেষে সিএনজিতে করে মোহাম্মদপুরের বাসায় ফিরছিলেন অধ্যাপক আসাদুর রহমান। শান্তিনগর এলাকায় তার সিএনজির গতিরোধ করেন জীবন ওরফে আদিলসহ আরও ৫ থেকে ৬ জন।
পরে তারা চিকিৎসককে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। একপর্যায়ে জীবন ওরফে আদিল তার ডান চোখে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা আগে থেকেই পরিকল্পনা করে চিকিৎসকের গাড়ি থামিয়েছিল। মামলার তদন্তে হামলার পেছনের কারণ ও জড়িত অন্যদের শনাক্তে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার পরদিন ১৮ আগস্ট পল্টন থানায় অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান বাদী হয়ে মামলা করেন।
সময়ের আলো/এমকে