ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের বিরুদ্ধে নতুন করে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে গোয়েন্দা প্রতিবেদনের তথ্য পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানিয়েছে, কায়কাউসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এর আগে বিদ্যুৎ আমদানিতে ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পাশ কাটিয়ে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার শুল্ক ও কর ফাঁকির অভিযোগেও কায়কাউসের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
এনবিআরের এক পর্যালোচনায় আদানির বিদ্যুৎ আমদানিতে প্রায় ৪০ কোটি ডলারের শুল্ক ফাঁকির তথ্য উঠে আসে। ২০২৩ সালের ৯ মার্চ ঝাড়খণ্ডের গড্ডায় আদানির বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ আমদানি শুরুর পর শুল্কসহ বিভিন্ন কর পরিশোধ না করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় কায়কাউসসহ বিদ্যুৎ বিভাগের সাবেক নীতিনির্ধারকদেরও দায়ের আওতায় আনার তথ্য এসেছে।
সময়ের আলো/এমকে