প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪১ পিএম আপডেট: ০৮.০৯.২০২৬ ৫:৩৪ পিএম
ফুলবাড়ী থানা। ছবি : সময়ের আলো কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ জেলেপাড়া এলাকায় আইয়ুবের চরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মরদেহটির পরনে ছিল জিন্সের প্যান্ট ও কমলা রঙের টি-শার্ট। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তার নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই এলাকায় গরুকে ঘাস খাওয়াতে গিয়ে কয়েকজন ব্যক্তি হঠাৎ তীব্র দুর্গন্ধ পান। পরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা নদীর তীরের পাশে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি দ্রুত ফুলবাড়ী থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। আলামত ও ফরেনসিকের আলোকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সময়ের আলো/এনএন