কুড়িগ্রামে সময়মতো সার সরবরাহ না করা এবং বেশি দামে সার বিক্রির অভিযোগে গোডাউনে ভাঙচুর করেছেন ক্ষুব্ধ স্থানীয় কৃষকেরা। রোববার (৬ সেপ্টেম্বর) জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সার সরবরাহ না করার পাশাপাশি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে ডিলারের উপরে ক্ষুব্ধ ছিলেন কৃষকরা। রোববার তারা সার কিনতে আসলে ডিলারের টালবাহানায় ক্ষোভ আরও বেড়ে যায়। পরে ডিলারের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ কৃষকেরা ডিলারের সার গোডাউনের বেড়া ভাঙচুর শুরু করেন। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
কৃষকদের অভিযোগ, প্রয়োজনের সময় ডিলারের কাছ থেকে সার না পেয়ে দিনের পর দিন ঘুরতে হয়েছে তাদের। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। কৃষি মৌসুমে সময়মতো ও ন্যায্যমূল্যে সার না পেলে চাষাবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়বে উৎপাদন খরচ। এ ঘটনায় সার সরবরাহ ও বিক্রির বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
এ ব্যাপারে জানতে চাইলে নাগেশ্বরী উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মো. রিশাদ জাহান বলেন, সময়মত কৃষকদের সার না দেওয়ায় এরকম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আগামীকাল থেকে সময়মত কৃষকদের মাঝে সার বিতরণ করা হবে।
সময়ের আলো/আতা