প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:২৮ পিএম
সোমবার রাতে গুরুদাসপুরের নিজ বাসা থেকে এমপিপুত্র মিন্টুকে হেফাজতে নেয় ডিবি। ছবি : সময়ের আলোনাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় যুবদল নেতা নুরুজ্জামান মিন্টুকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মিন্টু নাটোর-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল ৫টায় ডিবি হেফাজতে থাকা মিন্টুকে মামলায় গ্রেফতার দেখিয়ে নাটোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়।
এসময় জিজ্ঞাসাবাদের জন্য গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক আমীর হোসেন আদালতে ১০দিনের রিমান্ড আবেদন করেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদি হাসান শুনানী শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাতে গুরুদাসপুরের নিজ বাসা থেকে এমপিপুত্র মিন্টুকে হেফাজতে নেয় ডিবি।
গত ১৪ অক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেটধারী সন্ত্রাসীরা শাকিলকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে জখম করে পালিয়ে যান। সেখান থেকে শাকিলকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যায় শাকিল।
সময়ের আলো/এনএন