প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:০২ পিএম আপডেট: ২৭.১০.২০২৬ ৭:০৩ পিএম
বিকেল ৩টার দিকে মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ছবি : সংগৃহীত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় গোসলে নেমে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর মো. মারুফ হোসেনের (৪০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলাকালে বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন মো. রাসেল (৩৫)। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটে খবর আসে, মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মী গোসল করতে নদীতে নেমেছেন। তাদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও মারুফ ও রাসেল নিখোঁজ হন।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধারে অভিযান শুরু করে। নিখোঁজ মারুফ হোসেনের বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায়। অপর নিখোঁজ ব্যক্তি রাসেলের বাড়ি পটুয়াখালীতে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। একপর্যায়ে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর বিকেল ৩টার দিকে মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিখোঁজ রাসেলকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে। তাকে উদ্ধারে প্রয়োজনীয় সকল কার্যক্রম চালানো হচ্ছে।
সময়ের আলো/এনএন