প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:১৪ পিএম
সংগৃহীত ছবিদেশেই আছেন টঙ্গীতে মাদরাসায় যৌন নিপীড়নের শিকার সেই শিশুর বাবা শাহজালাল রুমি। তার বিরুদ্ধে হওয়া মারধর, হত্যাচেষ্টা ও চুরির মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন আবেদনও করেছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) তার আইনজীবী এইচ. এম রুহুল আমীন মোল্লা (হাসান) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইনি সহায়তার জন্য গতকাল বিকেল থেকে রুমি তার চেম্বারে অনেকক্ষণ অবস্থান করেন। তার (রুমি) বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে। তবে শুনানি কবে তা জানা যায়নি।
তিনি আরও জানান, শাহজালাল রুমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এক নাগরিক। যিনি বিচার ব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা রেখে আইনি পথেই নিজের ও পরিবারের নিরাপত্তা ও সুবিচার নিশ্চিত করতে চাচ্ছেন।
এর আগে গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় ৭ বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় মাদরাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন ভুক্তভোগী শিশুর বাবা শাহজালাল রুমি।
পরবর্তী সময়ে অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পরপরই শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় যৌন নিপীড়নের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
সময়ের আলো/কেএইচও