দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে অক্টোবরে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় টাইগারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়েস্ট ইন্ডিজের আসার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল। ২২ থেকে ২৪ অক্টোবর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৫ নভেম্বর থেকে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
আরও পড়ুন
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভালো অবস্থানে আছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে শান্তবাহিনী। ওয়েস্ট ইন্ডিজ আছে আট নম্বরে।
সর্বশেষ ২০২২ সালে টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল দুদল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত সেই সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার বদলে যাওয়া বাংলাদেশের সামনে প্রতিশোধের সুযোগ।
সময়ের আলো/জেকিউএফ