অর্থনৈতিক সংকট ও রাজস্ব ঘাটতির মধ্যে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে ইরান সরকার। দেশটির নতুন মূল্য নির্ধারণ নীতিতে মাসে ১১০ লিটারের বেশি পেট্রোল ব্যবহারকারী গাড়িচালকদের জন্য প্রতি লিটারের দাম দ্বিগুণ করে ১ লাখ রিয়াল করা হয়েছে।
তবে মাসে প্রথম ১১০ লিটার পেট্রোলের দাম আগের মতোই প্রতি লিটার ৫০ হাজার রিয়াল থাকবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। আল-জাজিরার খবর।
ইরানে বিশ্বের অন্যতম কম দামে পেট্রোল বিক্রি করা হলেও নিষেধাজ্ঞা, যুদ্ধজনিত অর্থনৈতিক চাপ এবং রাজস্ব কমে যাওয়ায় সরকারের ওপর জ্বালানি ভর্তুকি বহনের চাপ বাড়ছে। এ পরিস্থিতিতে ভর্তুকি কমানো ও জ্বালানি ব্যবহারে লাগাম টানার উদ্যোগ নিয়েছে সরকার।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সম্প্রতি এক টেলিভিশন বক্তব্যে নাগরিকদের জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে উৎপাদিত পেট্রোলের পরিমাণ সঠিকভাবে ব্যবহার করা হলে বর্তমান চাহিদা সামাল দেওয়া সম্ভব। তবে অতিরিক্ত জ্বালানি ব্যবহারের জন্য শুধু জনগণ দায়ী নয়, শিল্পখাতেরও দায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, তেহরানের বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ যানজটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
গত ডিসেম্বরের পর এটি ইরানে পেট্রোলের দাম বাড়ানোর দ্বিতীয় ঘটনা। নতুন করে দাম বাড়ায় দেশটিতে জনঅসন্তোষ ও বিক্ষোভের আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে ২০১৯ সালে জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ হয়েছিল।
বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক কর্মকাণ্ডে মন্দা এবং রিয়ালের মূল্যপতনের কারণে ইরানের সাধারণ মানুষও ব্যাপক অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে।
সূত্র : আল-জাজিরা
সময়ের আলো/ইউএমএইচ