সংসদীয় স্থায়ী কমিটিতে প্রতিমন্ত্রী ও হুইপদের অন্তর্ভুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংসদীয় কমিটির সভাপতি বেসরকারি সদস্য হওয়াই সংসদের চর্চা ও মূল নীতি। আর মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে সদস্য হিসেবে থাকবেন। ভবিষ্যতে কমিটি গঠনের সময় বিষয়টি বিবেচনায় রাখতে চিফ হুইপকে অনুরোধ জানান তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি পাঁচটি সংসদীয় কমিটি গঠন এবং দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উপস্থাপন করলে স্পিকার এ মন্তব্য করেন।
নতুন গঠিত কমিটিগুলোর মধ্যে প্রতিমন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন সরকারদলীয় চার হুইপকে চারটি সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে। রকিবুল ইসলাম বকুলকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি, রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি, আখতারুজ্জামান মিয়াকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি এবং জি কে গউছকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে।
এ ছাড়া মন্ত্রী পদমর্যাদাসম্পন্ন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে। অন্যদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।
স্পিকার বলেন, আইনি কোনো বাধা না থাকলেও সংসদের দীর্ঘদিনের রীতি হলো, কমিটির সভাপতির দায়িত্ব বেসরকারি সদস্যদের ওপর ন্যস্ত থাকবে। তিনি চিফ হুইপকে উদ্দেশ করে বলেন, কয়েকটি মন্ত্রণালয়ের কমিটিতে প্রতিমন্ত্রী, হুইপসহ সরকারি সুযোগ-সুবিধাভোগী ব্যক্তিদের সদস্য করা হয়েছে। এটি নিয়মবহির্ভূত না হলেও সংসদীয় চর্চার মূল ভাবনার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও বলেন, ভবিষ্যতে সংসদীয় কমিটি গঠনের সময় এ বিষয়টি বিবেচনায় রাখার অনুরোধ জানাচ্ছি।
সংসদের প্রচলিত রীতি অনুযায়ী, সংসদ সদস্য হলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সাধারণত নিজ নিজ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য থাকেন। এর বাইরে অন্য কোনো কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করা হয় না।
সময়ের আলো/এসএকে