ইতালিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা এবং হেনস্তার ঘটনায় মামলা দায়ের করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে এই হামলার শিকার হন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালির ভেনিসে তার ওপর হামলা ও লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব।
ইতালির জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ইল গাজ্জেত্তিনো’-এর এক প্রতিবেদনে জানানো হয়, ভেনিস প্রশাসন ও পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। ‘ওরিয়ন্তি’ বিভাগে নির্বাচিত রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের প্রতিনিধি হিসেবে সেখানে অবস্থান করছিলেন তিনি। সিসিটিভি ফুটেজ দেখে ইতালীয় পুলিশের বিশেষ শাখা হামলাকারীদের দ্রুত গ্রেফতারে জোর তদন্ত পরিচালনা করছে।
এর আগে স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে শারীরিক লাঞ্ছনা ও হামলার কথা জানান বাঁধন। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইতালি প্রবাসী কর্মীদের দিকে এ হামলার অভিযোগ তুলেন তিনি।
সময়ের আলো/জেডি