সকালের ব্যস্ততা থেকে রাতের ঘুমানোর আগ পর্যন্ত নারীর জীবনের সঙ্গে জড়িয়ে থাকে নানা ধরনের কাজ। ঘরের দায়িত্ব, কর্মক্ষেত্রের চাপ, সন্তানের যত্ন, পড়াশোনা কিংবা নিজের জন্য একটু সময় বের করা, সবকিছু সামলাতে গিয়ে অনেক সময় নিজের কথাই ভুলে যেতে হয়। তবে প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে বদলে যাচ্ছে এই চিত্র। স্মার্টফোন, বিভিন্ন অ্যাপ, অনলাইন সেবা ও আধুনিক গ্যাজেট দৈনন্দিন জীবনের অনেক কাজকে করেছে সহজ, দ্রুত ও সময়সাশ্রয়ী। ফলে প্রযুক্তি এখন শুধু বিনোদন বা যোগাযোগের মাধ্যম নয়, স্বনির্ভরতার একটি কার্যকর মাধ্যম।
হাতের মুঠোয় প্রয়োজনীয় সেবা
একসময় ব্যাংকিং কাজ, বাচ্চার স্কুলের বেতন, টাকা পাঠানো কিংবা বিভিন্ন বিল পরিশোধের জন্য নির্দিষ্ট জায়গায় গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এখন স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসেই এসব কাজ করা যায়। মোবাইল ব্যাংকিং ও অনলাইন পেমেন্টের সুবিধায় বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেটসহ বিভিন্ন বিল পরিশোধ করা সম্ভব। অনলাইন শপিংয়ের কারণে বাজার করার জন্য প্রতিবার বাইরে যাওয়ার প্রয়োজনও পড়ে না। কর্মজীবী নারী কিংবা ছোট সন্তান সামলানো মায়েদের জন্য এসব সুবিধা সময় বাঁচানোর পাশাপাশি দৈনন্দিন চাপও কমিয়েছে।
ঘরের কাজে স্মার্ট সহায়তা
প্রযুক্তির সুবিধা শুধু স্মার্টফোনে সীমাবদ্ধ নেই। রোবট ভ্যাকুয়াম ক্লিনার, স্মার্ট ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, ইলেকট্রিক কুকার ও এয়ার ফ্রায়ারের মতো গ্যাজেট ঘরের অনেক কাজকে করেছে সহজ। আগে যে কাজে দীর্ঘ সময় ব্যয় হতো, আধুনিক যন্ত্রের সাহায্যে সেটি তুলনামূলক কম সময়ে করা সম্ভব। এতে নারীরা পেশাগত দায়িত্ব, সন্তান, পড়াশোনা কিংবা নিজের বিশ্রামের জন্য বাড়তি সময় বের করতে পারেন।
কাজের জগতে নতুন সুযোগ
প্রযুক্তি নারীর কর্মজীবনেও এনেছে বড় পরিবর্তন। অনলাইন মিটিং, ক্লাউডভিত্তিক কাজ, ডিজিটাল পেমেন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে ঘরে বসেও বিভিন্ন ধরনের কাজ করা সম্ভব হচ্ছে। ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা, কনটেন্ট তৈরি, অনলাইন টিউশনি কিংবা ডিজিটাল সেবা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে পারিবারিক কারণে নিয়মিত অফিস করতে না পারা নারীদের জন্য এটি নতুন সম্ভাবনার দরজা খুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অনেক নারী নিজেদের তৈরি খাবার, হস্তশিল্প, পোশাক কিংবা বিভিন্ন সেবা সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দিতে পারছেন।
শেখার সুযোগ হাতের কাছেই
জ্ঞান অর্জনের ক্ষেত্রেও প্রযুক্তি বদলে দিয়েছে প্রচলিত ধারণা। স্মার্টফোন ও কম্পিউটারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের কোর্স, বই, ভিডিও লেকচার ও শিক্ষামূলক কনটেন্টে সহজেই প্রবেশ করা যায়। চাকরির পাশাপাশি নতুন দক্ষতা অর্জন করতে চাইলে অনলাইন কোর্স করা সম্ভব। ভাষা শেখা, গ্রাফিক ডিজাইন, কম্পিউটার প্রোগ্রামিং, রান্না কিংবা ব্যবসা পরিচালনা, প্রায় সব ক্ষেত্রেই রয়েছে অনলাইন শেখার সুযোগ।
নিরাপত্তায় প্রযুক্তির ভূমিকা
নারীর ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রেও প্রযুক্তি গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে। লোকেশন শেয়ারিং, জিপিএস, জরুরি যোগাযোগ ও বিভিন্ন সেফটি ফিচারের মাধ্যমে বিপদের সময়ে দ্রুত সহায়তা চাওয়া সম্ভব। পরিবারের সদস্যদের সঙ্গে নিজের অবস্থান শেয়ার করে রাখলে জরুরি পরিস্থিতিতে দ্রুত খোঁজ নেওয়াও সহজ হয়। তবে প্রযুক্তি ব্যবহারের সঙ্গে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। শক্তিশালী পাসওয়ার্ড, দুই স্তরের নিরাপত্তা এবং অপরিচিত লিংক এড়িয়ে চলার মতো বিষয়ে সচেতন থাকা জরুরি।
নিজের যত্নেও স্মার্ট গ্যাজেট
ব্যস্ততার কারণে অনেক নারী নিজের স্বাস্থ্য ও বিশ্রামের দিকে যথেষ্ট নজর দিতে পারেন না। স্মার্টওয়াচ ও ফিটনেস ট্র্যাকার দৈনিক হাঁটা, শারীরিক কার্যক্রম ও ঘুমের সময় পর্যবেক্ষণে সাহায্য করে। এতে নিজের দৈনন্দিন অভ্যাস সম্পর্কে সচেতন হওয়া সহজ হয়। তবে এসব গ্যাজেটের তথ্যকে চিকিৎসকের বিকল্প হিসেবে নয়, বরং সচেতনতার সহায়ক হিসেবে দেখা উচিত। আইটি বিশেষজ্ঞ রোকন উজ জামান বলেন, ‘প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো সময় ও শ্রম সাশ্রয়। তবে কোনো গ্যাজেট কেনার আগে সেটি সত্যিই প্রয়োজনীয় কি না, ব্যবহার কতটা সহজ এবং নিরাপত্তাব্যবস্থা কেমন, তা বিবেচনা করা উচিত।’ ডা. জিন্না তারা রুমি বলেন, ‘প্রযুক্তি নারীর কাজের চাপ কমিয়ে নিজের জন্য সময় বের করার সুযোগ তৈরি করতে পারে। তবে অতিরিক্ত স্ক্রিননির্ভরতা যেন আবার মানসিক চাপের কারণ না হয়, সেদিকেও নজর দিতে হবে।’
প্রযুক্তি মানে শুধু সুবিধা নয়, সচেতনতাও
প্রযুক্তি নারীর জীবনকে সহজ করেছে ঠিকই, তবে এর সঠিক ব্যবহার জানা সমানভাবে জরুরি। অতিরিক্ত স্ক্রিন ব্যবহার, অনলাইন প্রতারণা, সাইবার হয়রানি কিংবা ব্যক্তিগত তথ্য ফাঁসের মতো ঝুঁকিও রয়েছে। তাই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে যেমন দক্ষতা দরকার, তেমনি প্রয়োজন ডিজিটাল সচেতনতা। প্রযুক্তির মূল উদ্দেশ্য জীবনকে আরও সহজ করা। সেই সুবিধাকে কাজে লাগিয়ে নারী যদি নিজের সময় বাঁচাতে পারেন, নতুন দক্ষতা অর্জন করতে পারেন, আয় করতে পারেন এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে পারেন, তবে প্রযুক্তি হয়ে উঠতে পারে তার দৈনন্দিন জীবনের শক্তিশালী সহায়ক। আধুনিক গ্যাজেট তাই কেবল বিলাসিতার উপকরণ নয়, সঠিকভাবে কাজে লাগাতে পারলে আধুনিক গ্যাজেট নারীর দৈনন্দিন জীবনের চাপ কমিয়ে তাকে আরও স্বাধীন, দক্ষ ও স্বনির্ভর হতে সাহায্য করতে পারে।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে