মানবসভ্যতার বিকাশ এবং আধুনিক প্রযুক্তির প্রসারে নারীদের উদ্ভাবনী অবদান অনেক। বহু যুগ ধরে নারীরা বিজ্ঞান, প্রযুক্তি, ও গৃহস্থালির নানা সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ যন্ত্র ও পদ্ধতি আবিষ্কার করেছেন।
কম্পিউটার প্রোগ্রামিং
কম্পিউটার প্রোগ্রামিং তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিখ্যাত ব্রিটিশ কবি লর্ড বায়রনের মেয়ে বিজ্ঞানী অ্যাডা লাভলেস। তিনি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের ওপর একটি বর্ণনা লেখেন। স্যার চার্লস উইলিয়াম ব্যাবেজ যখন তার অ্যানালিটিক্যাল মেশিন নামক কম্পিউটার উদ্ভাবনের নেশায় মত্ত, ঠিক তখনই অ্যাডা তার গণিতবিষয়ক বিশ্লেষণী ক্ষমতার দ্বারা বুঝতে পেরেছিলেন এই কম্পিউটারগুলোর নাম্বার ক্রাঞ্চিংয়ের অমিত সম্ভাবনা সম্পর্কে। অ্যাডা লাভলেসকে বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে ধরা হয়।
ডিশ ওয়াশার
ডিশ ওয়াশার আবিষ্কার করেন আমেরিকান নারী জোসেফিন কোচেরিন। গৃহকর্মীরা যখন বাসন পরিষ্কারের কাজ করত, তখন খুব বিরক্ত হতেন জোসেফিন। এই বিরক্তিবোধ থেকেই তিনি ভাবতে থাকেন, কীভাবে সহজে বাসন পরিষ্কারের কাজ করা যায়। পরে ১৮৮৬ সালে একটি ডিশ ওয়াশার তৈরি করেন। তার আগে জোসেফিন কোচেরিন তার বাড়ির পেছনে একটি মোটরচালিত ডিশ ওয়াশার পরীক্ষামূলকভাবে তৈরি করেন। এরপর একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন, যেখান থেকে তিনি হোটেল এবং রেস্টুরেন্টে ডিশ ওয়াশার বিক্রি করতেন।
অদৃশ্য গ্লাস
ক্যাথরিন বুর ব্লডগেট একজন আমেরিকান পদার্থবিদ এবং রসায়নবিদ ছিলেন। তিনি সারফেস কেমিস্ট্রির ওপর তার কাজের জন্য পরিচিত। ১৯২৬ সালে প্রথম নারী হিসেবে তিনি ক্যামব্রিজ থেকে পদার্থে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৮৩৮ সালে জেনারেল ইলেকট্রিকে কাজ করার সময় তিনি অদৃশ্য বা অপ্রতিফলিত কাচের উদ্ভাবন করেন। ব্লডজেট ৪৪টি মনোমোলিকুলার স্তর দিয়ে কাচকে আবৃত করার জন্য একটি বেরিয়াম স্টিয়ারেট ফিল্ম ব্যবহার করেছিলেন, যা গ্লাসটিকে ৯৯ শতাংশের বেশি ট্রান্সমিসিভ করে এবং ‘অদৃশ্য’ কাচ তৈরি করে।
হোম সিকিউরিটি সিস্টেম
ঘরের নিরাপত্তা নিশ্চিত করতে সহজ পন্থায় যে মানুষটি অবদান রেখেছেন, তিনি একজন নারী। নাম মেরি ভ্যান ব্রিটান ব্রাউন। মেরি ভ্যান ১৯২২ সালের ৩০ অক্টোবর নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। পেশায় তিনি ছিলেন একজন আমেরিকান নার্স। তার স্বামী আলবার্ট এল ব্রাউন একজন ইলেকট্রনিক্স প্রযুক্তিবিদ। ১৯৬৬ সালে ব্রিটান ব্রাউন তার স্বামীকে নিয়ে একটি অডিও ভিজুয়াল হোম সিকিউরিটি সিস্টেম উদ্ভাবন করেন। সেই বছরই তারা তাদের নিরাপত্তা ব্যবস্থার সিস্টেমের পেটেন্টের জন্য আবেদন করলে- তিন বছর পর এটি মঞ্জুর করা হয়েছিল।
সময়ের আলো/মহু