সমুদ্রের পানি নীল, নদীর নয় কেন?

সময়ের আলো ডেস্ক

ফিচার

নদীর পানি গিয়ে মেশে সমুদ্রে। অথচ সমুদ্রের পানি সাধারণত নীল দেখালেও নদীর পানি দেখা যায় বাদামি, সবুজ, ধূসর কিংবা কালচে

2026-11-03T15:08:26+00:00
2026-11-03T15:09:50+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
ফিচার
সমুদ্রের পানি নীল, নদীর নয় কেন?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৩:০৮ পিএম  আপডেট: ০৩.১১.২০২৬ ৩:০৯ পিএম
পানির রঙের পার্থক্যের পেছনে রয়েছে আলোর প্রতিফলন, শোষণ, বিচ্ছুরণ এবং পানির গভীরতার মতো বৈজ্ঞানিক কারণ। ছবি : সংগৃহীত
নদীর পানি গিয়ে মেশে সমুদ্রে। অথচ সমুদ্রের পানি সাধারণত নীল দেখালেও নদীর পানি দেখা যায় বাদামি, সবুজ, ধূসর কিংবা কালচে রঙের। আবার কোনো কোনো নদীর পানি দূর থেকে নীলচে মনে হলেও কাছে গেলে সেই রং আর চোখে পড়ে না। পানির রঙের এই পার্থক্যের পেছনে রয়েছে আলোর প্রতিফলন, শোষণ, বিচ্ছুরণ এবং পানির গভীরতার মতো বৈজ্ঞানিক কারণ।

বিষয়টি বুঝতে হলে প্রথমে জানতে হবে, সূর্যের আলো কীভাবে কাজ করে। সূর্যের সাদা আলো আসলে ৭টি রঙের সমন্বয়ে তৈরি। এই রংগুলোর প্রত্যেকটির তরঙ্গদৈর্ঘ্য আলাদা। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, নীল আলোর তুলনামূলক কম। কোনো বস্তুর ওপর আলো পড়লে বস্তুটি আলোর কিছু অংশ শোষণ করে এবং বাকিটা প্রতিফলিত বা বিচ্ছুরিত করে। আমরা কোনো বস্তুকে যে রঙের দেখি, তার পেছনে এই আলোর আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সমুদ্রের পানি নীল দেখানোর অন্যতম কারণ হলো পানির আলোর শোষণ ও বিচ্ছুরণের বৈশিষ্ট্য। পানির মধ্য দিয়ে সূর্যের আলো প্রবেশ করলে লাল, কমলা ও হলুদ রঙের আলো তুলনামূলক দ্রুত শোষিত হয়। অন্যদিকে, নীল আলো পানির মধ্যে অপেক্ষাকৃত বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। পানির অণু ও ক্ষুদ্র কণার কারণে এই নীল আলো বিচ্ছুরিত হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এর একটি অংশ আমাদের চোখে পৌঁছায়। ফলে, সমুদ্রের পানি নীল দেখায়।


তবে, সমুদ্রের সব জায়গার পানি একই রঙের হয় না। পানির গভীরতা, স্বচ্ছতা, তলদেশের বৈশিষ্ট্য এবং শেওলা বা অন্যান্য কণার উপস্থিতির ওপর নির্ভর করে কোথাও পানি গাঢ় নীল, কোথাও হালকা নীল, আবার কোথাও সবুজাভ দেখাতে পারে।

সমুদ্রের তুলনায় নদীর পানিতে সাধারণত পলি, কাদা, বালুকণা, শেওলা ও বিভিন্ন জৈব পদার্থ বেশি থাকে। এসব উপাদান পানির মধ্য দিয়ে আলোর চলাচল ও বিচ্ছুরণকে প্রভাবিত করে। ফলে নদীর পানি অনেক সময় বাদামি, ধূসর, সবুজ কিংবা কালচে দেখায়। বিশেষ করে বৃষ্টির পর নদীতে মাটি ও পলির পরিমাণ বেড়ে গেলে পানির রং আরও ঘোলাটে হয়ে ওঠে।

নদীর পানির গভীরতাও রঙের পার্থক্যের একটি কারণ। অনেক নদী সমুদ্রের তুলনায় অগভীর হওয়ায় পানির মধ্য দিয়ে আলোকে দীর্ঘ পথ অতিক্রম করতে হয় না। ফলে, নীল আলোর শোষণ ও বিচ্ছুরণের প্রভাব সমুদ্রের মতো স্পষ্ট হয়ে ওঠে না। তবে, গভীর ও স্বচ্ছ নদীর পানি নীলচে দেখাতে পারে।

নদী বা সমুদ্র থেকে এক গ্লাস পানি তুলে নিলে সেটি সাধারণত স্বচ্ছ দেখায়। এর কারণ, অল্প পরিমাণ পানির মধ্য দিয়ে আলো খুব কম দূরত্ব অতিক্রম করে। ফলে, নীল আলোর শোষণ ও বিচ্ছুরণের প্রভাব চোখে পড়ার মতো হয় না। কিন্তু পানির পরিমাণ ও গভীরতা বাড়লে এই প্রভাব স্পষ্ট হতে শুরু করে।

সূত্র : সায়েন্টিফিক আমেরিকান, হাউ স্টাফ ওয়ার্কস

সময়ের আলো/মহু
  বিষয়:   সমুদ্র  নদী  বিজ্ঞান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: