প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৬ পিএম আপডেট: ০৯.০৯.২০২৬ ১০:৫১ পিএম
প্রতীকী ছবি বরিশালের হিজলায় নার্গিস বেগম (৪৫) নামে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের আবুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ আবুপুর গ্রামের আনোয়ার মিস্ত্রীর স্ত্রী। তিনি চার ছেলে ও এক মেয়ে সন্তানের জননী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে কলহ হওয়ায় কিছুদিন ধরে হতাশায় ছিলেন নার্গিস বেগম। বুধবার প্রতিবেশী এক নারী তাকে রান্নাঘরে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে অন্য প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হিজলা শাওড়া সৈয়দ খালী ফাঁড়ির ইনচার্জ (এসআই) সাইদুর রহমান মরদেহ উদ্ধার করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে প্রতিবেশীরা দাবি করেন, স্বামী আনোয়ার হোসেন মিস্ত্রীর অত্যাচারেই নার্গিস আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এদিকে পাঁচ সন্তান রেখে আত্মহত্যার ঘটনায় এলাকায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান জানান, নারীর মৃত্যুর ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে হত্যা না আত্মহত্যা বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সময়ের আলো/এনএন