নাটোরে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপে শতাধিক রোগী অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে আজ সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে এসে ভর্তি হয়েছেন এসব রোগীরা। তবে অধিকাংশ রোগী নাটোর পৌরসভার কানাইখালী, কান্দিভিটা, চকরামপুর, পটুয়াপাড়া রামাইগাছি ও বড় হরিশপুর এলাকার বাসিন্দা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল থেকে আজ সকাল ১০টা পর্যন্ত ডায়রিয়ার উপসর্গ নিয়ে নাটোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে মোট ১০৬ জন রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, ৫৯ জন। মহিলা ও শিশু রোগী ৪৭জন। আবহাওয়া ও পানির কারণে এমনটি হতে পারে বলে ধারণা চিকিৎসকদের।
হঠাৎ ডায়রিয়া রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তবে, রোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি স্যালাইনসহ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের সিভিল সার্জন।
সময়ের আলো/মহু