বরগুনার আমতলীতে সহপাঠীর দেওয়া অজ্ঞাত ফল খেয়ে সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উদয়ন প্রাইভেট মাধ্যমিক বিদ্যালয়ে নৈশকালীন কোচিং চলাকালে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীদের আমতলী উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের তীব্র পেটব্যথা, মাথা ঘোরা ও শ্বাসকষ্ট দেখা দিয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এক শিক্ষার্থীর অভিভাবক জাহাঙ্গীর বলেন, কোচিংয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবির অন্য শিক্ষার্থীদের অজ্ঞাত একটি ফল খেতে দেয়। ফলটি খাওয়ার কিছুক্ষণ পর একে একে সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাত শিক্ষার্থী পেটব্যথা ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। চিকিৎসকেরা তাদের চিকিৎসা দিয়েছেন। তবে এসব উপসর্গের প্রকৃত কারণ পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে বলে জানিয়েছেন তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলায়মান বলেন, আবির নামে এক সহপাঠীর দেওয়া অজ্ঞাত ফল খাওয়ার পর প্রথমে দুজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে আরও পাঁচজন অসুস্থ হয়। অসুস্থ সবাই সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, উদয়ন স্কুলে অজ্ঞাত ফল খেয়ে সাত শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদেরও খোঁজ নেওয়া হয়েছে। অজ্ঞাত ফল দেওয়া আবিরের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এসএকে