পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম পিছিয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পূর্বনির্ধারিত দিনে কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন আগামী ১১ অক্টোবর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, মোট ২৮ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সর্বশেষ গত ১৬ জুলাই বস্ত্র অধিদপ্তরের সহকারী পরিচালক (কারিগরি) মো. ফয়সাল কবির আদালতে সাক্ষ্য দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে বেনজীর আহমেদের বিরুদ্ধে স্থাবর ও অস্থাবর মিলে ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর ও রূপান্তরের (মানিলন্ডারিং) সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়।
২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলা করেন এবং তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
চলতি বছরের ৮ মার্চ আদালত অভিযোগপত্র আমলে নিয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। তবে তিনি আদালতে হাজির না হওয়ায় গত ৩ মে তার অনুপস্থিতিতেই অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু করেন আদালত।
সময়ের আলো/জেডি