কৌশলগত বন্দর মোকা দখলে হুতিরা, লোহিত সাগরে জাহাজ চলাচলে নতুন শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোকা দখলে নিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হুতিদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ইয়েমেন

2026-09-11T10:13:50+00:00
2026-09-11T10:13:50+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কৌশলগত বন্দর মোকা দখলে হুতিরা, লোহিত সাগরে জাহাজ চলাচলে নতুন শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৩ এএম 
ছবি : সংগৃহীত
ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোকা দখলে নিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হুতিদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ইয়েমেন সরকারের এক কর্মকর্তাও হুতিদের শহরটি নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

লোহিত সাগরে জাহাজ চলাচলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দর দখলের ঘটনায় ওই নৌপথে নতুন করে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, মোকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ইরান আরও একটি চাপ তৈরির সুযোগ পেল।

মোকা বাব আল-মান্দেব প্রণালি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা এই প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় ১২ শতাংশ পণ্য পরিবহন করা হয়। হরমুজ প্রণালিতে ইরানের বাধার কারণে বর্তমানে বাব আল-মান্দেবের গুরুত্ব আরও বেড়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে হুতিদের দীর্ঘদিনের সংঘাত চলছে। ২০১৪ সালে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বড় অংশ দখলে নেওয়ার পর থেকে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে হুতিরা। ২০১৫ সালে সৌদি আরব ইয়েমেন সরকারের সমর্থনে ওই যুদ্ধে সরাসরি যুক্ত হয়।

২০২২ সালে যুদ্ধবিরতির পর ইয়েমেনে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। মোকা দখলকে ২০২২ সালের পর হুতিদের সবচেয়ে বড় ভূখণ্ডগত সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এর ফলে ইয়েমেনে আবার পূর্ণমাত্রার গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মোকার বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থানে হুতি যোদ্ধাদের দেখা গেছে। বন্ধ ছিল বাজার ও দোকানপাট। পশ্চিম উপকূল থেকে মোকার দিকে আসা সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের একটি হাসপাতাল হুতিদের নিয়ন্ত্রণে যাওয়ার পর তিন চিকিৎসক সেখান থেকে পালিয়ে দক্ষিণে এডেনের দিকে চলে গেছেন।

এরই মধ্যে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশেও হুতিদের অগ্রসর হওয়ার খবর পাওয়া গেছে। হুতিরা আল-শাকিরা এলাকা দখলে নিয়েছে বলে ইয়েমেনের সরকারি বাহিনী ও সৌদি-সমর্থিত বাহিনীর সদস্যরা জানিয়েছেন। এলাকাটি দক্ষিণ হোদেইদায় সরকারি বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সরবরাহপথ।

বিশ্লেষকদের আশঙ্কা, তাইজ ও মোকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে লোহিত সাগরের জাহাজ চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এমনকি হুতিরা সমুদ্রে মাইন পেতে জাহাজ চলাচলে বাধা দিতে পারে বলেও সতর্ক করেছেন লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক বারা শিবান।

২০২৩ সালের শেষ দিকে হুতিরা লোহিত সাগরে জাহাজে হামলা শুরু করার পর ওই পথে জাহাজ চলাচল প্রায় ৬০ শতাংশ কমে যায়। নিরাপত্তাঝুঁকির কারণে অনেক কোম্পানি বিকল্প নৌপথ বেছে নেয়।

জাতিসংঘের ইয়েমেনবিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বলেন, হুতিদের নতুন করে যুদ্ধ শুরু করা পুরো বিশ্বকে উদ্বিগ্ন করার মতো বিষয়। তাঁর মতে, এর মধ্য দিয়ে চার বছরের বেশি সময় ধরে চলা তুলনামূলক শান্ত পরিস্থিতির অবসান ঘটেছে।

তিনি সতর্ক করে বলেন, ইয়েমেনে সংঘাতের নতুন ও আরও বিপজ্জনক পর্যায়ের প্রভাব দেশটির সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

ইয়েমেন সরকার হুতিদের মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। সৌদি আরবও হুতিদের হামলা ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

এদিকে সরকারি বাহিনী তাইজের পশ্চিমে হুতিদের শক্তিবৃদ্ধির লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হুতিদের নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশন দাবি করেছে, তাইজ, জাওফ, হোদেইদা ও মারিবে সৌদি-সমর্থিত বাহিনী ৪০টি বিমান হামলা চালিয়েছে। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এপি।

সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  হুতি  ইয়েমেন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: